নৌবাহিনীতে মহিলা অফিসারদের সঙ্গে পুরুষ অফিসারদের সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও ফারাক না রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ১৭ মার্চ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে নৌবাহিনীর মহিলা অফিসারদের পার্মানেন্ট কমিশনের অনুমোদন দিতে নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত বলেছে, দেশের সেবায় নিয়োজিত এই মহিলাদের পুরুষদের মতো পার্মানেন্ট কমিশনের অনুমোদন না দেওয়়া হলে তা অন্যায় হবে। স্ট্যাটুটরি বার তুলে দিয়ে যেখানে মহিলা অফিসারদের নৌবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই, সেখানে তাঁদের পার্মানেন্ট কমিশনের অনুমোদনও দিতে হবে। বজায় রাখতে হবে নারী-পুরুষের সমানাধিকার। এর আগে ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রেও একই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। নৌবাহিনীতেও শর্ট সার্ভিস কমিশন ও পার্মানেন্ট কমিশন রয়েছে। এসএসসিতে কোনও অফিসার দশ বছর এবং তারপর আরও চার বছর কাজের সুযোগ পান। এর বেশি পারেন না। কিন্তু পার্মানেন্ট কমিশনের ক্ষেত্রে অবসর নেওয়া অবধি নৌবাহিনীতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব। সেই নিরিখে সুপ্রিম কোর্টের এদিনের রায় এক মাইলফলক হয়ে রইল।