মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা কুৎসা করছে তারা তো নয়ই, বাংলায় আর কেউ জননেত্রীর সমকক্ষ নন। তাই কে কী বলল যায় আসে না। শনিবার ৭ মার্চ হাবড়ায় ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির প্রথম পর্যায়ের সূচনা করে এ কথা বলেন বিধায়ক তথা মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, অন্য রাজ্য জানতে চাইছে কীভাবে বাংলায় ২ টাকা কেজি দরে পেনশন দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক প্রকল্প এভাবে অনুসরণ করে চালু করছে অনেক রাজ্য। এদিন কর্মী সম্মেলনে কর্মীদের করণীয় বুঝিয়ে তিনি জানান, এখন থেকে হোয়াটসঅ্যাপে দলের কর্মসূচি জানানো হবে। যেমন, বিধানসভার মুখ্য সচেতক জানালেন ১১ ও ১২ তারিখ রাজ্যসভার আসনের জন্য মনোনয়ন দেবেন দলীয় প্রার্থীরা। এভাবেই জানানো হবে, কোনও চিঠি আর যাবে না। রাজ্য সরকারের প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জ্যোতিপ্রিয়বাবু বিস্তারিতভাবে সেইসব প্রকল্পের কথা সকলকে জানান। তিনি বলেন, হাবড়ায় অনেক উন্নয়ন হয়েছে। আরও হবে। আগামী ১২ তারিখ সাংবাদিকদের এবং ১৫ তারিখ দলের পুরনো কর্মীদের সঙ্গে তিনি সাক্ষাত করবেন বলে জানিয়েছেন হাবড়ার বিধায়ক।
