বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে কড়া চিঠি পাঠালেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেভাবে রাজ্যপাল করোনা মোকাবিলায় নিয়োজিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রী, আধিকারিকদের অহেতুক আক্রমণ করছেন তাতে বিরক্ত হয়েই এই চার পাতার চিঠি পাঠিয়েছেন তিনি। এতে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে যখন সব রাজ্য সরকারকে কাঁধে কাঁধ মিলিয়ে করোনা মোকাবিলার আহ্বান জানাচ্ছেন, তখন ধনখড় হাঁটছেন অন্য পথে। তিনি যেভাবে বিবৃতি আর ভাষণ দিচ্ছেন তাতে এটা স্পষ্ট, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাগাতার বিজেপির রাজনৈতিক বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পদের অপব্যবহার করেই। বিজেপির মুখপাত্রদের মতো তিনি বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিম তোষণ করছেন! কল্যাণ কটাক্ষ করে রাজ্যপালকে লিখেছেন, হয় আপনি এ সব করছেন হীনম্মন্যতায় ভুগে, নয়তো একজন রাজ্যপালের এক্তিয়ার সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান নেই। সংবিধানের কথা উল্লেখ করে কল্যাণ লিখেছেন, একজন রাজ্যপাল কী করতে পারেন, আর কী পারেন না। রাজ্যপালের এক্তিয়ার নিয়ে কোনও ডিবেট বা বিতর্কসভা হলে সেখানে ধনখড়ের মুখোমুখি হতেও প্রস্তুত কল্যাণ।




যদিও কল্যাণের চিঠি তিনি পাননি বলে দাবি করেছেন রাজ্যপাল। টুইটারে কল্যাণকে লেখা চিঠিতে তিনি কল্যাণের সঙ্গে বিতর্কসভায় মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। স্বভাব অনুযায়ী চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেছেন রাজ্যপাল। যদিও কথার কথা লিখে বলেছেন, তিনি নাকি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। রাজ্যপাল এমন দাবি করলেও বাস্তবে যদিও তার বিন্দুমাত্র কিছু প্রতিফলিত হয়নি!



