করোনা-সতর্কতার জেরে ২৬ মার্চ অবধি মুলতবি হয়ে গেল মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন। সোমবার ১৬ মার্চ আস্থা ভোট করাতে বলেছিলেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। যদিও তিনি এদিন অধিবেশন শুরুতে বক্তব্য রাখেন। বিধায়কের উদ্দেশে তিনি বলেন, সকলের উচিত মধ্যপ্রদেশের গরিমা অক্ষুণ্ন রাখতে সংবিধান অনুসরণ করেই চলা। রাজ্যপালের ভাষণের পরেই করোনা-সতর্কতার জেরে মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন ২৬ মার্চ অবধি মুলতবি করে দেওয়া হয়। এতে নিঃসন্দেহে অক্সিজেন পেল কমলনাথ সরকার। অধিবেশন মুলতবির পর বিজেপি বিধায়কদের উদ্দেশ করে কংগ্রেস বিধায়করা শ্লোগান দেন, আমরা চোরেদের বিরুদ্ধে লড়ব। উল্লেখ্য, ২২ জন কংগ্রেস বিধায়ক অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা মনে করিয়ে দ্রুত আস্থাভোট করানোর কথা বলে মুখ্যমন্ত্রী কমলনাথকে চিঠি পাঠান রাজ্যপাল। আরও বলা হয়, হাত তোলার নিরিখেই ভোট করানোর। কমলনাথ পাল্টা রাজ্যপালকে জানিয়ে দেন, অন্তত ১৬ জন কংগ্রেস বিধায়ক অনুপস্থিত। তাঁদের বন্দি করে রাখা হয়েছে। এই অবস্থায় আস্থাভোট করানো অগণতান্ত্রিক।
