করোনা আতঙ্কের জেরে চাকলার লোকনাথ ধাম বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো মন্দির কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে বার বার বার্তা দেওয়া হচ্ছে ভিড় এড়ানোর। খুব প্রয়োজন না পড়লে রাস্তায় না বেরোনোর পরামর্শ দিচ্ছে সরকার। তাই জনসমাগম আটকাতে ধাম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লোকনাথ ধামের মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। টাঙানো হয়েছে করোনা প্রতিরোধে সতর্কতামূলক পোস্টার। তবে ভক্তদের জন্য দ্বার বন্ধ থাকলেও প্রথা মেনে প্রতিদিন পুজো চলবে, জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।