লকডাউনের প্রায় আড়াই সপ্তাহ হতে চলল। গৃহবন্দি দশায় বড়দেরই মন আনচান, আর ছোটদের তো আরও বেশি মনকেমন। সেই ছোটদের তো সবচেয়ে বেশি কষ্ট, যাদের বাড়িতে না আছে টিভিতে বা কম্পিউটারে কার্টুন-কমিক্স-অ্যাডভেঞ্চার সিরিজ দেখার সুযোগ, না আছে স্কেচপেন-রংতুলিতে ইচ্ছেমতো ড্রয়িং বুকে আঁকিবুকি কাটার বিলাসিতা।

দরিদ্র পরিবারের এই কচিকাঁচাদের মন কিছুটা হলেও ভাল করতে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে ওদের হাতেবৃহস্পতিবার ৯ এপ্রিল তুলে দেওয়া হল ঘরে বসে খেলার কিছু সামগ্রী, যেমন খুশি ছবি আঁকার জন্য স্ক্র্যাপবুক, হাতের লেখা প্র্যাকটিস করার খাতা, নানা রঙের স্কেচপেন। সঙ্গে শুকনো খাবার-দাবারও। কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
