প্রয়াত কৃষ্ণা বসুর অন্তিম যাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২০ বিকেলে তিনি নেতাজি ভবনে যান। সাংবাদিকদের জানান, ২৬ ডিসেম্বর শেষ দেখা হয়েছিল। প্রতিবার ওইদিন তাঁর কেক কাটার সময় থাকতাম। তিনি আমাদের ভালোবাসতেন, আমরাও ভালোবাসতাম। অভিভাবককে হারিয়ে আমি শোকস্তব্ধ। আমাদের দলের কাছে তিনি মায়ের মতো ছিলেন। নেতাজি ভবনের সবকিছু সামলাতেন। এখন সুগত, সুমন্ত্রদের সেই কাজ সামলানোর পাশাপাশি অপূর্ণ কাজগুলিও করতে হবে। এদিন কৃষ্ণাদেবীর প্রয়াণে ডান, বাম সব দলের নেতৃত্ব শোকপ্রকাশ করেন। নেতাজি ভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়, মেয়র ফিরহাদ হাকিম। শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী প্রমুখ। কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কৃষ্ণাদেবীর শেষকৃত্য সম্পন্ন হয়।