মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে দাদন পাত্রবাড়ে একটা সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে। সেই কথা অনুযায়ী বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতধরে উদ্বোধন হলো ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর উদ্যান প্রকল্প। ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অধীনে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিদ্যুৎমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রকল্প গড়ে তোলা হবে, পরবর্তী সময়ে আরো ৭৫ মেগাওয়াট সম্পন্ন ইউনিট বাড়িয়ে তোলা হবে। এই প্রকল্পের মোট খরচ পরবে ৭৫০ কোটি টাকা। জার্মানির কে.এফ.ডব্লিউ ব্যাংক এই প্রকল্পে ৬০০ কোটি টাকা ঋণ দিয়েছে। ১৫ বছরে ধরে খুব কম সুদেই এই ঋণ পরিশোধ করতে হবে। তবে প্রথম ৩ বছরে কোনও অর্থ দিতে হবে না। তবে ৭৫০ কোটি টাকার মধ্যে ১৫০ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্পটি গড়ে তুলতে সময় লাগবে দেড় বছর। প্রকল্পটি পূর্ব ভারতের সবথেকে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প হতে চলেছে বলেও জানান বিদ্যুৎমন্ত্রী। পরিবেশবান্ধব এই প্রকল্পের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ গ্রিডে দেওয়া হবে বলেও জানান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই জন্য মন্দারমণিতে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সরবরাহ নিগম-এর উদ্যোগে একটি ১৩২ কেভি সাবস্টেশন তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

আসন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা চলাকালীন যাতে বিদ্যুৎ পরিষেবায় কোনওরকম বিঘ্ন না ঘটে সেই কারণে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত অধিকর্তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, শিক্ষামন্ত্রী পরীক্ষার সময় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য যে অ্যাডভাইজারি জারি করেছেন, সেই প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই সময় প্রাক পুজো কিছু রক্ষণাবেক্ষণের কাজ চলে, সেই নিয়েও সর্তকতা অবলম্বন করা হচ্ছে।