লকডাউনের মেয়াদ আরও বাড়াল কেন্দ্র। ৪ মে থেকে দুই সপ্তাহ আরও লকডাউন দেশজুড়ে চলবে বলে শুক্রবার ১ মে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ট্রেন, বাস, উড়ান, মেট্রো চলাচল বন্ধ থাকবে। সিনেমা হল, জিম, রেস্তোরাঁ, জিম-সহ সব ধরনের জমায়েত বন্ধ থাকবে। রেড জোন ও কনটেনমেন্ট জোনে কঠোর লকডাউন চলবে। সাইকেল রিক্সা, অটো, বাস, স্পা, সেলুন সব বন্ধ থাকবে। অরেঞ্জ জোনগুলিতে জেলার মধ্যে অনুমতিসাপেক্ষে যাতায়াত করা যাবে। তবে চার চাকার গাড়িতে ড্রাইভার ছাড়া একজন চড়তে পারবেন। দু চাকার গাড়ি চলাচল করতে পারবে। গ্রিন জোনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচল করতে পারবে।
সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা অবধি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। প্রয়োজনে ১৪৪ ধারা জারি করতে পারে স্থানীয় প্রশাসন। ৬৫ বছরের বেশি বয়সের মানুষ, কো মরবিডিটি আছে এমন ব্যক্তি, অন্তঃসত্ত্বা, শিশুদের খুব জরুরি বিষয় ছাড়া বাড়িতে থাকতে হবে। কনটেনমেন্ট জোনে ওপিডি বা মেডিকেল ক্লিনিক বন্ধ থাকবে। অন্য ক্ষেত্রে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে এগুলি খোলা রাখা যাবে। গ্রিন জোনে মদ বা পানের দোকান খোলা যাবে বলে কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে।














