মধ্যপ্রদেশ বিধানসভায় শুক্রবার ২০ মার্চ বিকেল ৫টার মধ্যে আস্থাভোট সম্পূর্ণ করতে হবে। রেকর্ড করতে হবে গোটা প্রক্রিয়া। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিদ্রোহী কংগ্রেস বিধায়করা আস্থাভোটে অংশ নিতে চাইলে তাঁদের নিরাপত্তা দিতে কর্নাটক ও মধ্যপ্রদেশের ডিজিপিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিধানসভার অধ্যক্ষ সপ্তাহ দুয়েক সময় চাইলে তা খারিজ করে শীর্ষ আদালত বলে, তাহলে ঘোড়া কেনাবেচার সুবর্ণ সুযোগ থাকবে, তা দেওয়া যাবে না। কংগ্রেস শিবির এখনও দাবি করছে, প্রয়োজনীয় সংখ্যা সরকারের রয়েছে। ১৫ মাসের কমল নাথ সরকার পড়ে যাবে বলে নিশ্চিত বিজেপি শিবির।