| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

শীতেপৌষে রসেবশে : মৈত্রেয়ী ব্যানার্জী

Reporter
মৈত্রেয়ী ব্যানার্জী / ৬৮৫ জন পড়েছেন
আপডেট বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

বয়েস যতই বাড়ুক না যাদের মনের বয়স বাড়ার কোন লক্ষণ নেই তারা শীতকাল এলেই খুশি হয়। শৈশবে শীত এলে রঙিন সোয়েটার, রঙিন মোজা, রঙিন মেলা, চিড়িয়াখানার পশুপাখিদের রঙিন বর্ণময় হাতছানি। শৈশবের শীত আর কৈশোরের শীত আলাদা। কৈশোর এলেই শীতকাল মানে চড়ুইভাতি। সে নিজের বাড়ির উঠোনে হোক, বা ছাদে, বা বাগানে। একদল বন্ধু মিলে নিজেরা উনুন তৈরি করে মাংস ভাত বা নিদেনপক্ষে ডিমের ঝোল ভাত। না, বাড়ির কোন মা কাকীমার হস্তক্ষেপ তাতে থাকবে না। থাকবে না কোন খবরদারি। নিজেরা নিজেদের মতো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া। সে যেমনই হোক।

এই যে মাটির উনুন তৈরি করে চড়ুইভাতি, এটা হত ষাটের দশকের শেষে। সত্তরের পরের পর্বে তোলা উনুন, স্টোভের ব্যবহার শুরু হল। সঙ্গে আশা, লতা, কিশোরের পুজোর গান মাইকে তারস্বরে বাজত। কিন্তু কানে একটুও লাগত না। কারণ গানের কথা, গানের সুর, গায়কী সবই ছিল অসাধারণ। বরং যত জোরে বাজত, ততই আরও দূর দূর সে গানের রেশ পৌঁছে কোন এক ছাদের আলসেয় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েকে আরও উদাস করত। বা “বেশ করেছি প্রেম করেছি” আশা ভোঁসলের এই গানের সঙ্গে তার মন অসম্ভব কোন একটা প্রতিজ্ঞা করে ফেলত, যেটা কোনোদিন বাস্তবায়িত হবেনা।

“ডাক দিয়ে বলে রাবণ/যেমন আউস তেমনি আমন।”

অগ্রহায়ণ মাসে বাড়ির কোন একটি ছেলে স্নান সেরে ধুতি পরে একটি কুশকাঠি পুঁতে দেবে বাড়ির সারগাদায় আর একটি পুঁতবে নিজেদের জমিতে। আর মুখে বলবে — “ডাক দিয়ে বলে রাবণ /যেমন আউস তেমনি আমন।” নতুন ধানের আবাহনী। ক্ষেত্রলক্ষ্মীকে আমন্ত্রণ জানানো বাড়ির পুরুষের কাজ। সেই রাবণের আমল থেকে শুরু বোধহয়। বাড়ির কোন নারীর এই আবাহনে অংশ নেবার কথা জানা যায় না। আমাদের দেশের বাড়িতে আমার ঠাকুমা আমার সেজদাকে দিয়ে এটি করাতেন। এই ডাক পেলে তবে ক্ষেত্রলক্ষ্মী ধানে সম্পদে ভরাবেন। তারপর নতুন ধানে নবান্ন পালন। নতুন চাল ও নতুন গুড় দিয়ে পরমান্ন।

ষাটের দশকের গোড়ায় অনেক বাড়ি ছিল, যেখানে একটি রেডিও ছিল বিলাসিতার নামান্তর। তাই অনুরোধের আসর শোনার জন্য দুপুরবেলা সমস্ত মেয়ে মহিলার এক বাড়িতে জড়ো হওয়া যে বাড়িতে শুধু একটি রেডিও আছে। শীতের দুপুর মানেই মহিলামহল। রোদে পিঠ করে বসে উল কাঁটা দিয়ে একটার পর একটা সোয়েটার বোনা, কারো হাতে আসন আর ছুঁচ। ফোঁড় তুলে দেদার নক্সা। একটি আসনেও মেয়েরা বসত না কিন্তু। সব পাট করে গোছানো থাকত বাড়ির পুরুষদের জন্য। মেয়েদের জন্য বরাদ্দ ছিল ওই পিঁড়ি। শীতে সেটাও অবশ্য খারাপ নয়, হিম ঠান্ডা মেঝের থেকে।

তারও আগের দশক ধরলে রোদে পিঠ দিয়ে কেউ একজন রামায়ণ বা মহাভারত সুর করে পড়ত, মা জেঠি কাকিরা কাঁথায় ফোঁড় দিতে দিতে শুনতেন। গ্রামে শীত পড়ত জব্বর। কিন্ত বেশির ভাগ মহিলার গায়ে একটি চাদরও জুটত না। আমি মধ্যবিত্ত পরিবারের কথাই বলছি। একটা শাড়িকে চারভাঁজ করে চাদরের আকারে গায়ে আদর করে জড়িয়ে নেবার আর এক নাম শীতকাল।

শীত মানেই শুধু আনন্দ নয়। দুঃখও ছিল। এখনও আছে। তবে তখনকার মানুষ ওসব গায়ে মাখতেন না। তাই দুঃখের মধ্যেই সুখবোধ নিহিত থাকত। যেমন ওই পাশের বাড়ির রেডিওর অনুরোধের আসর বা দুপুরের নাটক বা মাইকের ভেসে আসা গানের কলি। ওতেই মুগ্ধতা। ওতেই বেঁচে থাকা।

শীতের দুঃখ, সুখ না ঘেঁটে এবার আসা যাক রসে। মানে খেজুর রস। যেটি না থাকলে শীত বৃথা কেটে যেত। কোন রসবোধ থাকত না। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে, যার য’টি খেজুর গাছ, সেগুলি গুনতি করে জমা নিত পাসুইকর। চুক্তি হত গাছ প্রতি কয়েক কেজি গুড় আর এক আধ কলসি রস গাছের মালিক পাবে, বাকি সব রস পাসুইকর নিয়ে যেতে পারবে। না কোন টাকা পয়সা নেওয়া হতো না তখন। বিকেলে ‘খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন’ করে খেজুর গাছের পাতার গোড়ার দু-পাশ থেকে চেঁছে নিয়ে ত্রিভুজের মত করে কেটে ঠিক মাঝখানে একটা কঞ্চির সরু নল ঢুকিয়ে দেওয়া হত কলসি পর্যন্ত। সারা রাত ধরে রস ফোঁটা ফোঁটা করে কলসি ভরে উঠবে। সেই রস ভোরে পেড়ে নিয়ে গুড়ের কারিগরের কাছে জমা হবে। অনেক সময় রস যে নামায়, সেইই গুড় তৈরি করে।

আমাদের দেশ বর্ধমান। সেখানে দেখেছি হাড়িপাড়ায় খুব নিষ্ঠার সঙ্গে পরিচ্ছন্নতা বজায় রেখে গুড় তৈরি করা হত। সমস্ত রস একটি বিরাট কড়াইয়ে ঢেলে একটা মস্ত ডাবু হাতা দিয়ে নেড়ে নেড়ে প্রথমে তৈরি হবে নলেন গুড়। অর্থাৎ ঝোলা গুড়, যেটি পিঠেতে বা রুটিতে মাখিয়ে খাওয়া হয়। এখন আবার কোলকাতায় শুরু হয়েছে আইসক্রিমে গুড় ঢেলে দেওয়া। সেটিই এখন কেতা। গ্রামের মানুষ দেখলে নিশ্চয়ই হাসবেন। কিন্তু কেতা আছে বলেই না কোলকেতা।

ওই ঝোলা নলেন গুড় রাখা হবে ছোট ছোট কলসিতে। মুখটি মুকুটি দিয়ে আটকানো থাকবে, তারপর যাবে বাজারে, শপিং মলে।

এবার গুড় নাড়তে নাড়তে ক্রমে রঙ পাল্টে সোনালী বর্ণ ধারণ করবে, তখন মাটিতে ছোট ছোট বাটির আকারে অনেক গর্ত করে রাখার ওপরে নতুন বা কাচা কাপড় পেতে দিয়ে ডাবু হাতা করে গুড় সেই মাটির মধ্যে ঢেলে দেওয়া হবে। তার ওপর আবার একটা কাপড় চাপা দিয়ে দেওয়া হবে যাতে ধুলোবালি না পড়ে। কিছুক্ষণের মধ্যেই জমে উঠবে সোনালী পাটালি। ঠিক বাটির মতন। আরও বড় পাটালির জন্য ব্যবহার করা হয় বড় বড় অ্যালুমিনিয়ামের পাত্র। তবে আমার বড় পাটালির থেকে ছোট ছোট বাটির মত গুড় বেশি পছন্দের।

এত গেল গুড় কাহিনী। রসের আরও একটি মাহাত্ম্য আছে। যেটি ভোরবেলা না নামিয়ে দুপুর পর্যন্ত গেঁজিয়ে নামানো হয়। তাল গাছের রস থেকে যেটি আরও ভাল হয়, খেয়ে ব্যোম হয়ে থাকা যায়। সেটির নাম তাড়ি। খেজুর রসেও গেঁজিয়ে ওরকম কিছু একটা তৈরি হয়, যেটির নাম অধমের জানা নেই। নলেন গুড়ের থেকেও গেঁজানো রসের স্বাদ বেশি কিনা সেটা এ জন্মে আর জানা হলনা। পরের জন্মে দেখা যাবে। যদি ততদিন একটিও খেজুর বা তালগাছ অবশিষ্ট থাকে তো।

এবার শীতের আসল মজা পিঠেপুলির কথায় আসা যাক। মনে পড়ে, শৈশবে মা জেঠিমারা পৌষসংক্রান্তির দিন রাত থাকতে উঠে রান্নাঘরে পিঠে তৈরি করতেন। সমস্ত পিঠে ওই একদিনই হত। এখন যেমন ছোট ছোট পরিবারে অল্প অল্প করে সারা শীত জুড়ে পিঠে, পাটিসাপটা, মটরশুটির কচুরি চলতেই থাকে, তখন কিন্তু যা হবে একদিনেই হবে। কারণ বড় পরিবারে অনেক লোকজন। রোজ কোন জিনিস নিয়ে মেতে ওঠা সম্ভব ছিলনা। তাই যেদিন হতো সেদিন সত্যিকারের পার্বণ হয়ে উঠতে সময় নিত না। সেদ্ধ পিঠে, ভাজাপিঠে, দুধপুলি, আস্কেপিঠে, গুড়পিঠে, রসপিঠে, সরুচাকলি এগুলো বিশুদ্ধ বর্ধমানের পিঠে। এছাড়া ছানার মালপোয়াও বাড়িতে তৈরি করা হয় এই শীতকালেই। কি মুখের ভিতরটা রসে টইটুম্বুর হল কিনা!

আবার প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাতে ফিরে আসা যাক। ওই বয়েস যাদের বাড়েনা তাঁরা শীতে কাবু হয়ে ও কাবু হন না। তাঁদের ঠান্ডা লাগলেও তাঁরা এই শীতে কুলফিমালাই খাবেন। আইসক্রিম চেটে চেটে খাবেন। আর এই শীতে যারা বিয়েবাড়ির নিমন্ত্রণ পাচ্ছেন না, বা পেয়েছেন, তাঁরা যখন দূর থেকে শুনতে পান “পাল্কিতে বউ চলে যায় হায়রে! শরমে মন ভরে যায়!” তখন বাড়ির লোকজনকে লুকিয়ে ঠিক একটু ধিনিক ধিনিক নেচে নেন। বয়স কি শীতকালে বেশ একটু কমে যায় না?

গূঢ় (গুড়) তথ্য সহায়তা : পার্থসারথি ভট্টাচার্য

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev