করোনাভাইরাস প্রাদুর্ভাবের জেরে আপাতত বাতিল হয়ে গেল ভারত-দঃ আফ্রিকা ওয়ান ডে সিরিজ। প্রথম ম্যাচ ধর্মশালায় বৃষ্টির কারণে হয়নি। ১৫ ও ১৮ তারিখ দুটি ম্যাচ হওয়ার কথা ছিল লখনউ ও কলকাতায়। বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকা আপাতত এই সিরিজ বাতিল করে জানিয়েছে, পরবর্তী সময়ে তিনটি ওয়ান ডে খেলতে এ দেশে আসবে প্রোটিয়ারা। এদিকে, শুক্রবার ১৩ মার্চ নবান্ন সভাঘরে বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ক্লাবগুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি জোর করে চাপিয়ে দেওয়ার রাজনীতি করি না। বাংলাতে করোনা নিয়ে আতঙ্কের কারণ নেই। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে চলব। আমরা চাই সকলে ভালো থাকুন। রাজ্য সরকারের নির্দেশিকাও ক্লাবগুলি প্রচার করুক। মুখ্যমন্ত্রী বলেন, দর্শকশূন্য স্টেডিয়াম হয় না। দর্শক বাদেও অনেকে নানা কাজে থাকেন। তাই কিছুদিন সব খেলা পিছিয়ে দিলে অসুবিধা কিছু হবে না। আপাতত ৩১ মার্চ অবধি বাংলায় কোনও খেলা আয়োজনের দরকার নেই। ৩০ মার্চ আবার এমন বৈঠক করে পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।সভায় রবিবারের ডার্বি নিয়ে বাকযুদ্ধ শুরু হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে। ইস্টবেঙ্গল দর্শকদের কথা ভেবে ডার্বি এক মাস পিছোতে বলে। তাঁদের যুক্তি মে অবধি ফুটবল মরশুম, তাই তাড়াহুড়ো দরকার নেই। কিন্তু দর্শকশূন্য মাঠে ডার্বি খেলতে চেয়ে বেঁকে বসে মোহনবাগান। এদিনই এআইএফএফ জানিয়েছে, আই লিগের বাকি ম্যাচগুলো হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী এআইএফএফ সহ সভাপতি সুব্রত দত্তকে বলেন, প্রফুল্ল প্যাটেলকে বলুন ম্যাচগুলি মাসখানেক পিছিয়ে দিতে। তাছাড়া মহারাষ্ট্র আর বাংলায় ফুটবল নিয়ে মাতামাতি এক নয়। দর্শকরা মাঠে বসে খেলা দেখতে চান। সুব্রতবাবু বলেন, এআইএফএফ সভাপতিকে বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া হবে।