দেশজুড়ে হিংসার ঘটনা বেড়েই চলেছে। বিজেপি বিভেদের রাজনীতি চালাচ্ছে। প্রাণ হারাচ্ছেন বহু নিরীহ মানুষ, সুবিচার মিলছে না। এই পরিস্থিতিতে অহিংসার পথকেই বেছে নেওয়ার আহ্বান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ১২ মার্চ তিনি টুইটে লেখেন, ১৯৩০ সালে আজকের দিনেই মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন। ঐতিহাসিক ডান্ডি অভিযানে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। আজকের দিনে আরও বেশি করে উপলব্ধি করছি, গান্ধীজির শিক্ষাই আমাদের পথনির্দেশক আলো হওয়া উচিত। রাজনৈতিক মহলের মতে, এর মাধ্যমে বিজেপিকেই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিনের অন্য টুইটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক।
