ব্যস্ততার ফাঁকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতার একটি স্কুলে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২০ মাধ্যমিকে ছিল ভূগোল পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে হাজরার নিউ হরাইজন স্কুলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখেই আশীর্বাদ নিতে ছুটে আসে পরীক্ষার্থীরা। আসেন অভিভাবকরাও। বাংলা, ইংরেজি প্রশ্ন কেমন হয়েছে, পরীক্ষা কেমন হচ্ছে, অঙ্ক পরীক্ষা কবে ইত্যাদি প্রশ্ন মুখ্যমন্ত্রী করলে, তার উত্তর দেয় পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রে সব ব্যবস্থা ভালোই রয়েছে বলে মুখ্যমন্ত্রীকে জানান অভিভাবকরা। তাঁদের কেউ কেউ মুখ্যমন্ত্রীর ছবি মোবাইল ক্যামেরায় তুলতে থাকেন। ভালো করে পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে সকলেই আপ্লুত। এরপর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, সকল মাধ্যমিক পরীক্ষার্থীর সফলতায় বাংলার মেধা হোক বিশ্বসেরা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে আজ হাজরার নিউ হরাইজন হাইস্কুলে পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। ছাত্র-ছাত্রীদের আগামী দিনগুলি হোক উজ্জ্বল। প্রিয় পরীক্ষার্থীদের জন্য রইল একরাশ শুভেচ্ছা। জয় হোক ছাত্র-ছাত্রীদের।

