দিল্লিতে পরিকল্পিত গণহত্যা হয়েছে। রোজই কোথাও না কোথাও দেহ উদ্ধার হচ্ছে। পরিকল্পিত গণহত্যা করে দাঙ্গার রূপ দেওয়া হয়েছে। কেন শিখ দাঙ্গার পর ফের এতো বড়ো দাঙ্গা হলো? সোমবার ২ মার্চ ২০২০ নেতাজি ইনডোরের সমাবেশে এ কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভায় দিল্লিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দু মিনিট নীরবতা পালন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে বিজেপি সাতটি লোকসভা আসনে জিতেছিল। কী উপহার দিল? দাঙ্গা, রক্ত। অসমেও তাই। অসম, ত্রিপুরায় এনআরসির নামে সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে। উত্তরপ্রদেশে ধর্ষণ হলে অভিযোগ নেওয়া হয় না। ধর্ষিতা, তাঁর পরিবারকে খুন হতে হয়। আমাদের এখানে তিনদিনে আমরা চার্জশিট দিই। আর ওদের নেতা এখানে এসে আইনশৃঙ্খলার কথা বলে! যারা মিউনিসিপ্যালিটির মতো দিল্লি সামলাতে পারে না, তারা কী করে দেশ চালাবে? এরা আবার রাজ্য দখলের কথা বলে! বেকারত্ব বেড়েছে, অর্থনীতি তলানিতে, ব্যাঙ্ক বেহাল, নাম, ইতিহাস বদলে দিতে চাইছে। আমাদের দেশের সম্মান আছে, কেন তা ক্ষুণ্ণ হবে? নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ট্রাম্প গান্ধীজির কথা বললেন না। বিবেকানন্দের নাম ভুল বললেন। এতে তাঁর দোষ দেখি না। তাঁকে বোঝানোই হয়নি। অমিত শাহ বলেছেন, বাংলায় ২০২১-এ বিধানসভা ভোট জিতে ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, এ আবার কী কথা! আমরা কি ভূমিপুত্র না? নাকি এনআরসি করে আমাদের তাড়াবে? ওদের প্ল্যান হলো ভোটের আগে দাঙ্গা বাঁধানো বা যুদ্ধ যুদ্ধ খেলা খেলা। এই স্বৈরাচারী সরকারকে না সরানো অবধি আমাদের সংগ্রাম চলবে।

