রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২০ বেলা ১২টা নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান সস্ত্রীক রাজ্যপাল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যপাল। কিন্তু বিধানসভায় বাজেট অধিবেশন চলায় এবং জেলা সফরে থাকায় যেতে পারেননি মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন বিষয়ে এদিন আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকের পর রাজ্যপাল টুইটারে বৈঠকের কিছু ছবি প্রকাশ করে লিখেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন এক ঘন্টার বৈঠক হয়েছে, যা খুবই সন্তোষজনক। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী-সহ রাজ্য প্রশাসনকে খুবই দৃষ্টিকটুভাবে সমালোচনা করেন রাজ্যপাল, নিজের পদের গরিমার কথা স্মরণে না রেখেই। তিনি বিজেপি নেতার মতো আচরণ করেন বলেও বারেবারেই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেতারা। কয়েক মাস আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীর দিকে তাকাননি পর্যন্ত রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সৌজন্য বজায় রেখেছেন বরাবরই। এদিনের বৈঠকের পর রাজ্য-রাজ্যপাল সংঘাত কোন দিকে গড়ায় সেদিকে তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা।