সাঁইবাড়িতে সংগঠিত হত্যাকাণ্ড চালিয়েছিল সিপিআইএম। সেই ঘটনা খবরের কাগজ পড়ে জেনেছিলাম। সন্তানের রক্তমাখা ভাত মাকে খাওয়ানো হয়েছিল, যা ভাবলে শিহরণ জাগে। আজ শোকের দিন। আমরা গভীর শোকাহত, মর্মাহত। ৫০ বছর ধরে সেই হত্যাকাণ্ডের ঘটনা মানুষ মনে রেখেছেন, আগামী দিনেও রাখবেন। শহিদ পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে লড়াইয়ে আছেন এ জন্য তাঁদের ধন্যবাদ। মঙ্গলবার ১৭ মার্চ বর্ধমানের সাঁইবাড়িতে শহিদদের স্মরণের অনুষ্ঠান চলাকালীন ফিরহাদ হাকিমকে ফোন করে এ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনের স্পিকার অন করে সে কথা সকলকে শোনান ফিরহাদ। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন সাঁইবাড়ি শহিদদের স্মরণে একটি স্মৃতিফলক নির্মাণ করার। ফিরহাদ হাকিম বলেন, কংগ্রেস যেভাবে সিপিআইএমের হাত ধরে চলছে তাতে শহিদ পরিবারের সামনে এলে মাথা হেঁট হয়ে যায়। ৫০ হাজার কংগ্রেস কর্মী খুন হয়েছিল। সাঁইবাড়ি, কান্দুয়া থেকে ২১ জুলাইয়ের মতো কতো ঘটনা রয়েছে, কংগ্রেস করার অপরাধে কতো মানুষ প্রাণ দেন, অত্যাচারের শিকার হন। তাই আমরা ভাগ্যবান মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন, তাঁর সৈনিক হিসেবে আমরা কাজ করতে পারছি। এদিনের অনুষ্ঠানে ছিলেন দলের জেলা সভাপতি স্বপন দেবনাথ, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রমুখ।
