প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ১৪ ঘণ্টা জনতার কারফিউ করার ডাক দিয়েছেন করোনা মোকাবিলায়। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, সব দল তা মানবে বলে জানিয়েছে। আমরা সবাই মিলে এই জরুরি পরিস্থিতিতে একজোট আছি, এটাই ভারতের গণতন্ত্রের বিশেষত্ব।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জনতার কারফিউ কীভাবে হবে তা দেশের মানুষ ঠিক করবেন। আমরা না হয় স্বাগত জানাচ্ছি। কিন্তু সেই সঙ্গে পরিকাঠামোগত সাহায্য করুক কেন্দ্র। এই দুই মাসে কোনও সাহায্য পাইনি। কিট দরকার, ল্যাবের অনুমতি দরকার। এগুলি তো কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। না পেয়ে আমরা কিট কিনছি। ল্যাবের অনুমতি দ্রুত দিতে বলব বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলায় যে দুজনের করোনা পজিটিভ ধরা পড়েছে দু’জনই ইউকে থেকে এসেছেন। বিমানবন্দরে কী পরীক্ষা হচ্ছে জানি না। অবিলম্বে আন্তর্জাতিক বিমান আসা বন্ধ করা উচিত। যাঁরা আটকে আছেন তাঁদের দ্রুত দেশে ফেরানো হোক। একদিকে বলছে ২২ তারিখ থেকে আন্তর্জাতিক উড়ান আসা বন্ধ, আবার বলছে তারপরও ঢাকা-সহ কয়েকটি দেশ থেকে নাকি উড়ান আসবে! কেন আগে বন্ধ করা হচ্ছে না? বাংলায় এক লাখের বেশি ভাই-বোন বিদেশ থেকে ফিরেছেন। গৃহ পর্যবেক্ষণে থাকুন। পরীক্ষাও করান। রোগ লুকিয়ে কাউকে ধরে আনতে বাধ্য করবেন না। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান বলেছেন রেশন থেকে এ মাসের জিনিস তুলে রাখতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, দায়িত্বে থেকে এমন প্যানিক ছড়ানো উচিত নয়।