দেশের মধ্যে প্রথম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুধুই করোনার চিকিৎসা হবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা রোগী বা সন্দেহজনকদের চিকিৎসা হবে এখানে। থাকবে অন্তত তিন হাজার বেড। ধাপে ধাপে রোগীদের ছুটি ও স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে।

এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্যকর্তাদের বৈঠক শেষ হতেই মঙ্গলবার ২৪ মার্চ বিকেলে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। এর আগে তিনি সারপ্রাইজ ভিজিটে যান আর জি কর হাসপাতালে।

কলকাতা মেডিক্যাল কলেজ থেকে তিনি চলে যান এন আর এস হাসপাতালে। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে। সব জায়গাতেই সুপার ও স্বাস্থ্যকর্মীদের থেকে তিনি জেনে নেন কেমন চিকিৎসা হচ্ছে, পরিকাঠামোগত আর কী কী প্রয়োজন।

হাসপাতালে দাঁড়িয়েই তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্য সচিব রাজীব সিনহাকে। হাসপাতাল কর্তৃপক্ষের হাতে সব জায়গাতেই কিট, গ্লাভস, মাস্ক বিলি করেন মুখ্যমন্ত্রী। চিকিৎসা পরিষেবায় যুক্ত কারও যাতে অসুবিধা না থাকে তা নিশ্চিত করেন তিনি।
রাজারহাটে কোয়ারেন্টিন সেন্টারে গিয়েও চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনারা সকলে ভালো থাকুন। আপনারা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব, জয়ী হবো।