নবান্ন সভাঘরে আজ ২৩ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদল বৈঠক চলাকালীন খবর আসে রাজ্যে করোনা আক্রান্ত একজন রোগী মারা গিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, দমদমের ওই প্রৌঢ় ইতালিতে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন। ফিরে ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন সল্টলেকের আমরিতে। কিছু সময় আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ কমিশনার অনুজ শর্মাকে মুখ্যমন্ত্রী বলেন, দেহ থেকে যাতে জীবাণু সংক্রামিত না হয় সেজন্য যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ওই বেসরকারি হাসপাতাল। ওই ব্যক্তির পরিবারের সদস্যরা ভর্তি আছেন বাঙুর হাসপাতালে। এদিকে, বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করেছে তা সব দলের প্রতিনিদের জানিয়ে তাঁদের কাছে অনুরোধ করেন, কেউ পরামর্শ দিলে দিতে পারেন এই বৈঠকেই।

