দূরপাল্লার ট্রেনে কোনও নজরদারি ছাড়াই দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছেন মানুষ। বাড়ছে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা। বিমানবন্দরে নেমে অনেকে গিয়ে ট্রেন ধরছেন। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু থেকে এ রাজ্যে ফিরেছেন অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ২১ মার্চ বলেন, এক মাস ধরে কেন্দ্রীয় সরকারকে বলছি রেলে নজরদারি চালাতে, কিছুই হচ্ছে না। অন্য সময় চেয়ে ট্রেন পাই না, আর কিছু হলেই বিশেষ ট্রেনে লোকজনদের রাজ্যে ফেরত পাঠানো হয়। নিশ্চয়ই তাঁরা নিজেদের বাড়িতে ফিরবেন, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা তো থাকবে। গতকাল প্রধানমন্ত্রীকেও বলেছি। মুখ্য সচিবকে বলেছি অন্য রাজ্যের ট্রেন ঢোকা বন্ধ করার জন্য রেলকে বলতে, দিন দশেক বন্ধ থাকুক। সামনে তৃতীয় সপ্তাহ থেকে পঞ্চম সপ্তাহ খুব ভাইটাল। রেল বন্ধ না করলে আমাদেরই রাজ্যে ঢোকার আগে আটকাতে হবে। আমরা অন্য রাজ্যের মতো লকডাউন করিনি। বলেছি জমায়েত এড়াতে। তবু কিছু সংগঠন জমায়েত করছে। এটা বন্ধ করুন, আগুন নিয়ে খেলার সময় এটা নয়। সব ধর্মের মানুষের কাছেই এই আবেদন রাখছি। কেন্দ্রীয় আইন আছে জমায়েত না করার। তা লাগু রয়েছে এ রাজ্যেও।