ইচ্ছে থাকলেও বিদ্যুতের দাম কমানো সম্ভব হচ্ছে না কেন তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ৯ এপ্রিল কয়েকটি শিল্প সংস্থার প্রতিনিধি ফিক্সড ইলেকট্রিসিটি চার্জ মকুব করার আর্জি জানান। মুখ্যমন্ত্রী তখন বলেন, করোনা মোকাবিলায় কেন্দ্র কিছু সাহায্য করছে না। পিএম কেয়ারসে হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন অনেকে। আমাদের এতো দেওয়ার কেউ নেই, মানুষ যা দিচ্ছেন তা আমাদের কাছে অনেক। ৫০ হাজার কোটি টাকার ঋণ শোধ করেও যা করার করছি। মাইনে দেওয়ার টাকা নেই। অন্য অনেক রাজ্য কর্মীদের পুরো বেতন দিতে না পারলেও আমরা দিয়েছি। কেন্দ্র চাইলে অনেক কিছু ছাড় দিতে পারে। আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ভুল ছিল। ফলে বিপুল ভরতুকি দিতে হয়। জোর দেওয়া উচিত ছিল সোলার বা হাইড্রাল প্রকল্পে। সে ব্যাপারে উৎসাহ দেখালে বিদ্যুৎ অনেক সস্তা করা যেত। আমরা পরে সেটা করব। দেউচা-পাঁচামিতে কয়লা উত্তোলন শুরু হলেও বিদ্যুতের দাম কমানো যাবে।