সংবাদমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করুক, আমাদের রাজ্য চালানোর কাজ করতে দিন। শনিবার ১১ এপ্রিল সংবাদমাধ্যমের একাংশের উদ্দেশে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার কিছু এলাকা-সহ রাজ্যের কয়েকটি জায়গায় সম্পূর্ণ লকডাউন করছে রাজ্য সরকার, দোকানপাট বন্ধ থাকবে বলে সংবাদসংস্থা ও কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রচার করছিল।

মুখ্যমন্ত্রী বলেন, বলা হচ্ছে মুখ্য সচিব বলেছেন, অথচ উনিই জানেন না! যে যার ইচ্ছামতো বলে দিচ্ছে বাজার, দোকান সব বন্ধ থাকবে! কে বলেছে? সব বাজার, দোকান খোলা থাকবে। তবে কেউ জমায়েত করবেন না। হটস্পট বলে আতঙ্ক ছড়ানোর কিছু নেই। বরং বলুন সরকারের মাইক্রো প্ল্যানিং। যে জায়গায় করোনা রোগীর সন্ধান মিলছে সেখানে লকডাউনে নজরদারি বাড়িয়ে স্যানিটাইজ করার কাজ চলবে। কলকাতা কর্পোরেশন ওয়ার্ডে ওয়ার্ডে জীবাণুমুক্ত করার কাজ করবে। হাওড়ার কিছু জায়গায় নজরদারি বাড়ানো হবে। ড্রোনের মাধ্যমেও নজরদারি চলবে। তবে মানুষের আশঙ্কা বা আতঙ্কের কারণ নেই। পরীক্ষা করতে গেলে সকলে স্বাস্থ্যকর্মী ও পুলিশের সঙ্গে সহযোগিতা করুন।