বিজেপির তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার ২৯ এপ্রিল বলেন, রাত-দিন যাঁরা করোনা মোকাবিলায় কাজ করছেন, নানা অপপ্রচার করে তাঁদের তিক্ততা বাড়াচ্ছেন বিজেপি নেতারা। লেবু কচলালে তেঁতো হয়। আপনারা অরেঞ্জ জুস খান, ভিটামিন সি বাড়বে। বাংলাকে ধ্বংস না করে সৃষ্টি করুন। সবাইকে খেলো করবেন না শকুনির মতো বসে থেকে। স্বচ্ছ ভারতের ঝাড়ুদাররা কোথায় গেলেন? রাস্তায় তো এখন ঝাড়ু হাতে নামতে পারেন এলাকা পরিষ্কার রাখতে। আমি তো ঝাড়ুদারদের সম্মান দিই। ওঁদের সঙ্গে কাজও করেছি। এখনই তো স্বচ্ছ ভারতের সময়। এলাকা পরিষ্কার রাখলে কাজ হবে। এটা রাজনীতির সময় নয়। করোনা যোদ্ধাদের উৎসাহ দিন, মনোবল বাড়ান। মানুষের ব্যাথা উপলব্ধি করুন চিরতার জল নিয়ে না ঘুরে। কিছু মানুষকে সাময়িক বোকা বানানো যায়। সব মানুষকে চিরকালের জন্য বোকা বানানো যায় না। নির্বাচনের ঘণ্টা বাজলে না হয় কথা বলবেন। আমরাও অনেক কথা বলতে পারি। কিন্তু এটা রাজনীতি করার সময় নয়। মানুষের পাশে থাকার সময়। আর মানুষও সব দেখছেন, তাঁরাই নির্বাচনের সময় উত্তর দেবেন।