সোমবার ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলবেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে। লকডাউন তোলা নিয়ে তাঁদের মত জানতে চাইবেন। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তাঁর মতামত ব্যক্ত করলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন নাগরিক ও তৃণমূলনেত্রী হিসেবে আমি ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে। একবারেই তোলা উচিত নয়। ৪ মে-র পর দুই সপ্তাহ ধরে ধাপে ধাপে তোলা হোক। ৪ মে তোলা হোক ২৫ শতাংশ। তার পরের সপ্তাহে তোলা হোক ৫০ শতাংশ। দু সপ্তাহ পর বাকিটা। কোভিড-১৯-এর মোকাবিলায় রাজ্য প্রস্তুত বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় ৩০ থেকে ৪০ হাজার জন ডেঙ্গি আক্রান্ত হলেও সেই পরিস্থিতি আমরা আগে নিয়ন্ত্রণে এনেছি। রাজ্যে ত্রুটিপূর্ণ কিট পাঠানোয় আইসিএমআর-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, দু’রকম কিট ত্রুটিপূর্ণ বলে ফেরত নিয়েছে। আর অ্যান্টিজেন কিট বাংলার হাসপাতালগুলির জন্য পাঠায়নি। তাহলে আমাদের জন্য কী দিল? এর উত্তর কে দেবে?