| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নগরের প্রকৃত ভাষ্যকার মতি নন্দী লিখেছেন অমর মিত্র

Reporter
অমর মিত্র / ৮১১ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

মতি নন্দী একটি নাতিদীর্ঘ আত্মকথন ‘দ্বাদশ ব্যক্তি’তে লিখছেন, “যে দেশে এখনো কুড়ি কোটিরও বেশি মানুষ অর্ধাহারে ধুঁকছে, শতকরা ৭০ জন লিখতে-পড়তে জানে না, সে দেশের শিল্পীর পক্ষে দেশের এই অবস্থাটা কিছুতেই এড়ানো সম্ভব নয়, অবশ্য যদি যোগাযোগ থাকে। ‘স্ট্রাইকার’ বা ‘কোনি’ এই যোগাযোগেরই একটা দিক।” মতি নন্দী খেলার মাঠ নিয়ে পাঠকপ্রিয় হয়েছিলেন, কিন্তু সেই খেলার মাঠে তাঁর প্রবেশ— হেরে যাওয়া মানুষের কাহিনীকে জীবনের অদম্যতায় নিয়ে যাওয়াতে।  তিনি এই শহরের আদি মানুষ। পুরোন উত্তর কলকাতার পুরোন বাসিন্দা ছিল তাঁর পরিবার। এই শহরের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, বস্তিবাসী পরিবার, হেরে যাওয়া মানুষ, নিষ্ঠুর মানুষ নিয়ে মতি নন্দীর গল্প। তিনি ছেচল্লিশের দাঙ্গা দেখেছেন, ১৯৪৩-এ কলকাতা শহরের পথে অগুনতি কঙ্কালসার শবদেহ, আর ওই  শতাব্দীর সাতের দশকে দেখেছেন অবিশ্রাম খুনোখুনি, মৃত্যু।

এই সব তাঁর মনোজগতে প্রবেশ করে একটা গড়ন দিয়েছিল। তার ফলে কত আশ্চর্য সব গল্প পেয়েছি আমরা। তিনি এই নগর কলকাতার প্রকৃত ভাষ্যকার। বেহুলার ভেলা, শবাগার, একটি পিকনিকের অপমৃত্যু, চোরা ঢেউ, দ্বাদশ ব্যক্তি, নায়কের প্রবেশ ও প্রস্থান, বুড়ো এবং ফুচা, কপিল নাচছে বা চতুর্থ সীমানা—কত গল্পে এই ভাষ্য। মতির গল্প পড়ে নিজের নিরূপায়তা, নিজের ভণ্ডামিকে চেনা যায়। মতি নন্দী কিন্তু শুধুই কোনি বা স্টপার, স্ট্রাইকারের লেখক নন। তিনি শবাগার, দ্বাদশ ব্যক্তি, বেহুলার ভেলা বা চতুর্থ সীমানার লেখক। শবাগার গল্পে মুকুন্দর বাড়ির নিচের তলার ভাড়াটে গৌরাঙ্গকে হাসপাতাল ছেড়ে দিয়েছে ক্যানসার বলে। গৌরাঙ্গর বউ শিপ্রার ওপর মুকুন্দর নজর। মতি লিখছেন, ‘শীতলপাটির মতো গায়ের চামড়া, দেহটি নধর।’ মুকুন্দ সক্কালে খবরের কাগজে বাসিমুখে চারটি মৃত্যু সংবাদ দেখেছে। বউ লীলাবতীর সঙ্গে মৃত্যু নিয়ে কথা বলে সাতসকালেই আর দ্যাখে ভাড়াটের যুবতী বউ শিপ্রাকে। স্বামী শুয়ে বিছানায়, মরে যাবে শিগগির, শিপ্রা মুকুন্দর কাছ থেকে রেশনের টাকা নেয়, বিনিময়ে শিপ্রার গায়ে হাত দেয় মুকুন্দ। এই গল্পটি যেন প্রাণহীন মানুষের। গোটা শহর শবাগার হয়ে গেছে ধীরে ধীরে। গভীর রাতে শিপ্রাকে তার ঘরের মেঝেতে শোয়াতে গেলে  শিপ্রা বলে, ‘একি, একি! ঘরের মধ্যে নয়। ও রয়েছে যে!’ মুকুন্দ বলে, ‘থাকুকগে, ও তো মরে যাচ্ছেই, তাহলে আর ভয় কিসের।’

একটি পিকনিকের অপমৃত্যু গল্পে কতগুলি যুবতী দল বেঁধে ঢিলিয়ে তাদের ক্লাসের একটি ছেলেকে গাছ থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। মতি নন্দী মানুষের ভেতরের অন্ধকারকে চিনেছেন তাঁর শৈশব থেকে, সেই ১৯৪৩ থেকে। সেই অন্ধকার আর মানুষের নিরূপায়তা চতুর্থ সীমানা গল্পের ভেতরও পাই। চতুর্থ সীমানা এক সামান্য দম্পতি আর তাদের পরিবারের কথা। নিখিল তিন কাঠা জমি কিনেছিল কলকাতার কাছে নতুন গড়ে ওঠা এক উপনিবেশে। ছুটির দিনে নিখিল তার বউ রুবিকে নিয়ে সেই জমি দেখতে যায়। এমন উপনিবেশের সঙ্গে আমাদের পরিচয় আছে। সেই যে সেখানে ছিল শুধু জমি আর জমি। খোলা মাঠ। দেখলে মনে হয় সমুদ্র, যেন আকাশটা গড়িয়ে পড়েছে। কলোনির ভিতরে রাস্তা, আলোর খুটি, বিকেলে বেরিয়ে পড়া মানুষজন দেখতে দেখতে নিজেদের তিনকাঠার দিকে এগোতে থাকে নিখিল। যেতে যেতে নতুন গড়ে ওঠা একটি বাড়ি  হাত বাড়িয়ে দেখায় রুবিকে। অধ্যাপকের বাড়ি। খুব পণ্ডিত। খুব বড়লোক কি? রুবির ওই এক সংকোচ। এখানে কত কত বড়মানুষের বাড়ি। জজের জমি, আইএএসের জমি, তাদের ভেতর তারাও আছে। কলোনির রাস্তা অনেকটা গিয়ে থেমে গেছে। এদিকের গ্রাম গ্রাম ভাব যায়নি এখনো। নিখিল একটি জায়গা দেখিয়ে বলে, তাদের জমি। পঁচিশ নম্বর প্লট। পিলার আছে তো? বুনো ঘাসে ভরে যাওয়া কাদাজলের সেই জমির পিলার খুঁজতে আরম্ভ করে নিখিল আর রুবি। বিস্তীর্ণ সেই কাদাজলের মাঠের ভেতর পিলার ছাড়া তাদের নিজস্ব জমির কোনো অস্তিত্ব নেই। তাদের কত স্বপ্ন সেই জমিটুকু নিয়ে। বাড়িটি কেমন হবে সেই সব কল্পনা জড়িয়ে গেছে জমিটিকে ঘিরে। সেই জলকাদার ভেতরে নেমে তারা পিলার খুঁজতে আরম্ভ করে। কাঁটা ঝোঁপ আর বুনো ঘাসের ভেতর নেমে পিলার খুঁজতে গিয়ে রুবির শাড়ি ছিঁড়ে যায়, নিখিলের আঙুল কেটে যায়। শেষ অবধি তারা খুঁজে পায়। প্রথমটি পেতে সময় লেগেছিল, পরের তিনটিও পায়, কিন্তু তাদের ভেতর একটি ভেঙে গেছে। তারা পরে কোনোদিন এসে সেই পিলারটি নতুন করে বসিয়ে দিয়ে সীমানাগুলি ঠিক করে দেবে। জমি তো যাওয়ার নয়। আবহমান কাল থাকবে। তারা হু হু বাতাসে সমুদ্রের গন্ধ পেল। বাড়ি ফিরে নিখিল ও রুবি দ্যাখে একটি অতি শীর্ণ যুবক বসে আছে ঘাড় হেট করে। ছোট কাকার ছেলে। সঙ্গে চিঠি, কাকিমার মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। ক্ষয় রোগ। সাহায্য চেয়েছে কাকা। নিখিল সামান্য আয়ের মানুষ। নিখিলের সামনে সমস্ত কিছুই হয়ে ওঠে দুঃসহ। সে কাকার ছেলের জন্য কিছু খাবার আনতে বেরোয়।

মতি নন্দী এই গল্পে এক নিরূপায় নিম্নবিত্তের জীবনকে নেড়েচেড়ে দেখেছেন। মমত্ব আছে সেই দেখায়। শবাগার বা বেহুলার ভেলা গল্পের ব্যক্তির নিষ্ঠুরতা এখানে কম, কিন্তু যা আছে তা হলো স্বপ্নটি দুঃস্বপ্নে বদলে যাওয়ার নিষ্ঠুর বাস্তবতা। বাইরে বেরিয়ে নিখিলের সঙ্গে দেখা হয় ড্রাফটসম্যান অমিয়র। সে তার জমির প্ল্যান করেছে। বলল, তিরিশ নয় চল্লিশের কমে নিখিলের বাড়ি হবে না, অবিলম্বে শুরু করতে হবে। নিখিল তার ক্ষমতা জানে। জানে সমস্তটাই অসম্ভব তার পক্ষে। অত টাকা! অমিয় গেল প্ল্যানটি আনতে। নিখিল দাঁড়িয়ে থাকে সেই গলির ভেতরে। তার সামনে থেকে গলি  উধাও হয়। নিকষ অন্ধকারে হু হু হাওয়া বইতে থাকে সমুদ্রের। সে তার তিন কাঠার ভেতরে দাঁড়িয়ে। তিনটি পিলার উঁচু হয়ে উঠল, চতুর্থটিতে ছোট কাকি পিলার হয়ে হাসছে। নিখিল বলতে চায়, ওইটা তার জমি, বাড়ি করে সুখে থাকতে চায় সে। কথাটি শোনা মাত্র মাটির ভেতর বসে যেতে থাকে চতুর্থ পিলারটি। নিখিল আর্তনাদ করে ওঠে, ছোট কাকি চলে গেলে তার জমিটিও হারিয়ে যাবে। যেও না ছোট কাকি। মতি নন্দী এই গল্প লিখেছিলেন। শবাগার ও চতুর্থ সীমানা-দুই গল্পই। মুকুন্দ ও নিখিল, দুজনের কথাই। আমার কথা আপনার কথা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev