অবশেষে শুক্রবার ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হচ্ছে ২০১২ সালে নির্ভয়াকে গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষী চার পাষণ্ডর। এদের নাম বিনয় শর্মা (২৬), মুকেশ সিং (৩২), পবন গুপ্তা (২৫) ও অক্ষয় কুমার সিং (৩১)। অক্ষয় ও পবনের দ্বিতীয় প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। চার দণ্ডিত ফাঁসি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল পাতিয়ালা হাউস কোর্টে। তা আজ খারিজ হয়ে যায়। অক্ষয়ের স্ত্রী বিহারে যে ডিভোর্সের মামলা করেছেন তার শুনানি ২৪ মার্চ, এই যুক্তি দেখিয়ে ফাঁসি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। তা অবশ্য ধোপে টেকেনি। এরপরই আদালতের বাইরে অজ্ঞান হয়ে যান অক্ষয়ের স্ত্রী। অন্যদিকে, সুপ্রিম কোর্টেও একে একে খারিজ হয়ে যায় পবন, মুকেশ ও অক্ষয়ের আর্জি। ঘটনার সময় সে প্রাপ্তবয়স্ক ছিল না জানিয়ে কিউরেটিভ পিটিশন দাখিল করেছিল পবন। তা খারিজ হয়ে যায়। মুকেশ দাবি করেছিল সে ঘটনার সময় দিল্লিতে ছিল না। তাকেও আমল না দিয়ে শীর্ষ আদালত জানায়, দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় সব দিক বিবেচনা করে রায় দেওয়া হয়েছে, নতুন কোনও কিছু আর গ্রাহ্য হবে না। প্রাণভিক্ষার দ্বিতীয় আবেদন রাষ্ট্রপতি খারিজ করে দেওয়ায় সেই পদক্ষেপ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেন মুকেশের আইনজীবী। তাকেও খারিজ করে দেয় শীর্ষ আদালত। এর ফলে শুক্রবার ভোরে ওই চারজনের ফাঁসিতে বাধা রইল না। নির্ভয়ার মা আশাদেবী বলেন, আইনি ও সাংবিধানিক রক্ষাকবচ কাজে লাগিয়ে ওরা বারবার ফাঁসি পিছিয়ে দিয়েছে। এবার ওদের ফাঁসি হলে আমার মেয়ের আত্মা সাত বছর পর শান্তি পাবে।