একসঙ্গে একই সময়ে চারজনের ফাঁসি আগে দেশে কখনও হয়নি। তিহার জেলে শুক্রবার ২০ মার্চ ভোর সাড়ে ৫টায় সেটাই হলো। উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা ফাঁসুড়ে পবন জল্লাদ নির্ভয়াকাণ্ডের অপরাধীদের ফাঁসি দিয়ে খুশি। ৩৬ ঘণ্টা ধরে মুকেশ সিং (৩২), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও অক্ষয় কুমার সিং (৩১) একসঙ্গে ফাঁসি দেওয়ার প্রস্তুতি জোরকদমে চলছিল তিহার জেলে। কিন্তু শেষ রাত কী করছিল দণ্ডিতরা। তিহার জেলের ডিজি জানিয়েছেন, তারা রাতে এমনিতে শান্তভাবে কাটালেও ভিতরে অস্থিরতাও প্রকট হচ্ছিল। রাতে কেউ ঘুমোয়নি। মুকেশ ও বিনয় শুধু রাতের খাবার খেয়েছিল। অক্ষয় শুধু চা পান করে। বিনয় একটু কান্নাকাটি করে। কোন আদালতে কী হচ্ছে তা জানানো হচ্ছিল অপরাধীদের। তবে চারজনের কেউই ফাঁসির আগে শেষ ইচ্ছার কথা জানায়নি। ফাঁসির পর আধঘণ্টা দেহ ঝোলানোই ছিল নিয়ম মেনে। চিকিৎসক মৃত বলে নিশ্চিত করার পর তিহার জেল থেকে দেহগুলি পোস্টমর্টেম করার জন্য নিয়ে যাওয়া হয় দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে। এরপর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। তবে দেহ নিয়ে কোনও বিক্ষোভ প্রদর্শন হবে না সেই মুচলেকা নেওয়া হবে। কেউ দেহ নিতে অস্বীকার করলে শেষকৃত্যের ব্যবস্থা করবে প্রশাসন। সংশোধনাগারে ওই চারজন যা আয় করেছে তা পরিবারকে দেওয়া হবে বলেও জানান তিহার জেলের ডিজি।