পুরসভায় পদ পাওয়া নেতাদের উন্নয়নের দিকে নজর রাখতে বলা হয়েছে। কোনও রকম বিশৃঙ্খলা দল বরদাস্ত করবে না। সম্প্রতি শেষ হওয়া পুর নির্বাচনে অভূতপূর্ব সাফল্য আগামী দিনে পুরসভাগুলির কাজের প্রতিফলিত করতে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, বাংলা জুড়ে নির্বাচিত পুরপ্রতিনিধিদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পদ চাওয়া নিয়ে কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। দল জানে কোন পুরসভায় কাকে বসানো হবে। দল যাদের মনোনীত করবে তাদের অবিলম্বে এলাকা উন্নয়নে নজর দিতে হবে।
সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায়ের টুইটের প্রেক্ষিতে রাজনৈতিক মহল মনে করছে, বাংলার ভোট রাজনীতির ইতিহাসে তৃণমূল কংগ্রেস যে অসামান্য সাফল্য পেয়েছে সেই সাফল্য ধরে রাখতে তারা আগ্রহী। কোনও রকম দলীয় বিশৃঙ্খলা দল সহজভাবে মেনে নেবে না। সাংগঠনিকস্তরে আলাপ আলোচনা করে বিভিন্ন পদে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়েছে। পদ পাওয়া বা না পাওয়া নিয়ে কোনও রকম অশান্তি বা গোষ্ঠী পাকানো বরদাস্ত করা হবে না। পুরসভার শীর্ষ দুই পদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কারা বসতে চলেছেন তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল দলীয় স্তরে রাজ্যজুড়ে।
তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে সোমবার বিকেলে একাধিক পুরসভার দায়িত্বপ্রাপ্তের নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূল দল সূত্রের খবর এই গুরুত্বপূর্ণ ঘোষণার পরই যাতে রাজ্য জুড়ে দলের মধ্যে যে কোনও রকম অসন্তোষের বীজ অঙ্কুরিত না হয়, সে দিকে সতর্ক নজর রাখা হয়েছে। দলের এক নেতা জানিয়েছেন এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে বলা হয়েছে প্রবীণ রাজনীতিবিদ সুখেন্দু শেখর রায়কে। সেই সূত্রেই তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংসদ এবং জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় দলীয় সদস্যদের সতর্ককরে একটি টুইট মার্ফৎ বার্তা দিয়ে জানিয়েছেন, “রাজ্যের যে সমস্ত পুরসভায় তৃণমূল কংগ্রেসের যারা যে দায়িত্ব পেয়েছেন তা রাজ্য নেতৃত্ব দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুমোদনক্রমে সিদ্ধান্ত নিয়েছে৷ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন সবাই মিলে নিজ এলাকায় নগরবাসীর প্রত্যাশা পূরণের জন্য নিজেদের সম্পূর্ণ ভাবে জনসেবায় সমর্পিত করবেন।”
দল সূত্রে জানা যাচ্ছে তৃণমূল নেতৃত্বের পক্ষে সদস্যদের পুরসভা চালানোর অভিজ্ঞতা ওজন করে পদাধিকারীদের নাম চূড়ান্ত করা হয়েছে। সবাইকে নিয়ে চলা এবং কাজ করার দক্ষতা কতটা সেটাও তুল্যমূল্য করা হয়েছে। স্থানীয় বিধায়ক ও সাংসদের মতামতও নেওয়া হয়েছে। জানা গেছে পুরসভাগুলির চেয়ারম্যান ইন কাউন্সিল পদে গুরুত্ব পাবেন মহিলারাও। তবে যিনিই চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হন না কেন, স্থানীয় অঞ্চলে তার ভাবমূর্তি স্বচ্ছ হতে হবে। বিভিন্ন পুরসভা এলাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চলছে বা আসতে যাচ্ছে। জানান গেছে জেলায় জেলায় পানীয় জল এবং নিকাশী প্রকল্প সহ বেশ কিছু কাঠামো তৈরি প্রকল্প যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয়ে দলের পক্ষ থেকে তীক্ষ্ণ নজর রাখা হবে।