লকডাউন সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় ঘোষণাই রয়েছে, তার বাস্তবায়ন নিয়ে থাকছে ঘোরতর প্রশ্ন। অসংগঠিত ক্ষেত্র, গরিব, মধ্যবিত্তের জন্য আর্থিক প্যাকেজ নেই, অক্সিজেন নেই ছোটো শিল্প বা বাণিজ্যিক সংস্থার জন্যও। সে নিয়ে আলোচনার আগে দেখা যাক কী উল্লেখযোগ্য বিষয় আছে নতুন গাইডলাইনে?
বলা হয়েছে, তামাক, গুটখা ও মদ বিক্রির উপর কড়া নিষেধাজ্ঞা থাকছে। যেখানে সেখানে থুতু ফেললে জরিমানা দিতে হবে।
২০ এপ্রিলের পর থেকে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে কাজ শুরু করতে পারবে শিল্প সংস্থাগুলি। স্পেশাল ইকনমিক জোন, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট, শিল্পতালুকগুলিতে কাজ শুরু হবে। একশো দিনের কাজ শুরু করা যাবে।
গ্রামীণ অর্থনীতি সচল রাখতে খাদ্য প্রক্রিয়াকরণ, রাস্তা নির্মাণ, সেচ, গৃহনির্মাণ, ক্ষুদ্র ও কুটির শিল্পে কাজ হবে। এতে শ্রমিক, মজুররা উপকৃত হবেন বলে মনে করছে কেন্দ্র। কৃষি ও তার সঙ্গে যুক্ত সব কাজ হবে। মাছ ধরা, প্রাণিসম্পদ দফতরের অধীনস্থ কাজকর্ম, দুধ ও দুগ্ধজাত সামগ্রী সরবরাহ, পোলট্রি, লাইভস্টক-এর মতো ক্ষেত্রগুলির সাপ্লাই চেন কাজ চালিয়ে যেতে পারবে।
চা, কফি ও রবার তৈরির কাজ পুরোদমে চলবে। আইটি হার্ডওয়্যার, অত্যাবশ্যকীয় পণ্য ও প্যাকেজিংয়ের ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ হবে। কাজ হবে কয়লা, খনিজ সম্পদের ক্ষেত্রগুলিতেও। ওষুধ তৈরির ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলিতে কাজ হবে।
এ ছাড়া বাকি যা বন্ধ আছে তা বন্ধ থাকবে।
এখন কথা হলো, ট্রেন, বাস, বিমান, ট্যাক্সি, অটো কিছু যেখানে চলবে না সেখানে শ্রমিক, কর্মচারীরা কি আকাশে উড়ে গিয়ে কাজে যোগ দেবেন? অনেক কিছু এমনিতেই বন্ধ। যেগুলিতে কাজ শুরু হবে সেখানে জেলার মানুষরা কীভাবে পৌঁছবেন বা আসা-যাওয়া করবেন? যে ছোটো কলকারখানা বা শিল্প সংস্থা রয়েছে তারা শ্রমিকদের যাতে কাজে রাখতে পারে বা বেতন দিতে পারে সেজন্য তাঁদের ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে ছাড় দিলে ঘোষণার বাস্তবায়ন সম্ভব ছিল, সুবিধা হতো। শ্রমিক, মজুরদের ন্যূনতম আর্থিক সহায়তাও দিচ্ছেন না মোদীবাবু। গরিব, মধ্যবিত্ত পরিবারের জন্য একটুও ভাবছে না মোদীবাবুর সরকার। থুতু ফেললে জরিমানার কথা বললেও কেউ কাউকে কর্মহীন করতে বাধ্য হলে কী হবে তাও জানায়নি নির্দেশিকা! শুধু ভাষণবাজি আর ফাটকাবাজি! দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা! পিএম কেয়ারসে কতশো কোটি দিল তার প্রচার চলছে শুধু! বিদেশ থেকে প্লেনে করে লোক আনা হচ্ছে আর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থাটুকু করতে পারেনি অপদার্থ কেন্দ্রীয় সরকার।



