করোনা লকডাউনের কারণে ২৫ মার্চ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে শ্রমিক স্পেশ্যাল ও বিশেষ কিছু ট্রেন চালানো হচ্ছে পরিযায়ী শ্রমিক-সহ ভিনরাজ্যে আটকে থাকা মানুষজনকে নিজেদের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য। ভারতীয় রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই দুইরকম ট্রেন চললেও সমস্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে। এইসব ট্রেন জুন মাসেও চলবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে রেলের আরেকটি সিদ্ধান্তে। যেখানে জানানো হয়েছে, ৩০ জুন অবধি যাঁরা ট্রেনের টিকিট কেটে রেখেছেন ওই সময় মেল, এক্সপ্রেস ট্রেন চলবে না। টিকিট বাতিল করে বুকিংয়ের টাকা সকলেই ফেরত পাবেন। যদিও বুকিংয়ের টাকা ফেরত পেতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের। অনেকেই অভিযোগ করছেন, রেলের ওয়েবসাইটে ঢুকে অনলাইনে বুকিংয়ের সময় অনেকের টাকা কেটে নেওয়া হয়েছে, টিকিট বুকিং হয়নি। রেল আশ্বস্ত করছে, কয়েকদিনের মধ্যেই টাকা ফেরত পেয়ে যাবেন তাঁরা।