বেহালা পূর্বে বিধায়ক নিষ্ক্রিয়। তবে দল তো নিষ্ক্রিয় থাকতে পারে না। ওখানে আমাদের কর্মীরা সক্রিয় রয়েছেন, সংগঠন মজবুত রয়েছে। দলের বিভিন্ন কর্মসূচি রয়েছে, পুরভোট আসছে। তাই দলীয় কর্মসূচি রূপায়ণে প্রচার চালাতে, বরো চেয়ারম্যান, দলের কাউন্সিলর, কর্মীদের মধ্যে সমন্বয় সাধনে রত্না চট্টোপাধ্যায়কে কো-অর্ডিনেটর নিয়োগ করা হলো। শনিবার ৭ মার্চ ২০২০ বেহালা পশ্চিম ও বেহালা পূর্ব কেন্দ্রে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির সূচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের নাম না নিয়ে তিনি বলেন, একজনকে জিতিয়েছিলাম। তিনি নিষ্ক্রিয়, দল তো আর নিষ্ক্রিয় থাকতে পারে না। শোভন তৃণমূলে ফিরবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে পার্থবাবু বলেন, সেটা উনিই বলতে পারবেন। রত্না চট্টোপাধ্যায় বলেন, বাংলার গর্ব মমতা কর্মসূচি ৭৫ দিনের। তার মধ্যে পুরভোট থাকবে। তাই পুরোটা সম্ভব না হলেও যতটা বেশি পারা যায় এই কর্মসূচি পালন করব। মাথার উপর পার্থদা রয়েছেন। তাঁর কথামতো দায়িত্ব পালন করব।
