মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক মানবিক সিদ্ধান্ত। খুশির হাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহলে। বুধবার ১১ মার্চ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী চান নিজের জেলাতেই শিক্ষকতা করুন শিক্ষক, শিক্ষিকারা। এতে তাঁরা পরিবারকে আরও বেশি সময় দিতে পারবেন। নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবেন। স্কুলেও বেশি সময় দিতে পারবেন। ইতিমধ্যেই নিজের জেলার স্কুলে বদলি চেয়ে অন্য জেলায় কর্মরতরা আবেদন করেছিলেন। শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা আবেদন করেছেন বা করেননি, সকলেই এবার তাঁর নিজের জেলায় স্কুলে শিক্ষকতা করার সুযোগ পাবেন। কোন স্কুলে ছাত্র-শিক্ষক সংখ্যার অনুপাত কেমন তা দেখেই এই বদলি চালু করা হবে। যেসব স্কুলে ছাত্রের তুলনায় শিক্ষক-শিক্ষিকা বেশি কিংবা তার উল্টোটা, সেখানেও যাতে কোনো বৈষম্য না থাকে তাও নিশ্চিত করছে শিক্ষা দফতর।