কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা কীভাবে হবে, ভর্তি বা নতুন সেশন কবে থেকে চালু হবে, করোনা পরিস্থিতিতে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তা সত্ত্বেও ইউজিসি কিছু পরিকল্পনার কথা জানিয়েছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইউজিসির থেকে যে চিঠি সমস্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠানো হয়েছে তার বিষয়বস্তু আমাদের হাতে এসেছে। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, আমাদের চিঠি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আমাদের যে কথা হয়েছিল তার অনেকটাই এই চিঠিতে স্থান পেয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টার্মিনাল পরীক্ষাগুলো দেওয়ার যে কথা আগেই বলেছিলেন তা-ই এখানে বলা হয়েছে। ইতিমধ্যেই সমস্ত উপাচার্যকে এ বিষয়ে তাঁদের মতামত জানাতে বলা হয়েছে। সংগৃহীত মতামত নিয়ে আমাদের দফতর কাজ করবে। বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী সমস্ত বিষয়টি বিবেচনা করে শিক্ষা দফতরকে জানালে মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।