রাজ্যের বিভিন্ন কলেজে নিযুক্ত অতিথি শিক্ষকদের ভাতা বন্ধ করা যাবে না। শনিবার ১১ এপ্রিল এই নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা লক্ষ্য করে দেখেছি, যে সমস্ত কলেজ নিজেরাই অতিথি শিক্ষক নিয়েছিল তাদের কলেজ পরিচালন সমিতি ওই অতিথি শিক্ষকদের ভাতা দেওয়া বন্ধ করেছে।
রাজ্য সরকার যখন ইউজিসির নিয়মাবলীকে সামনে রেখে এ বিষয়ে একটা তথ্য সংগ্রহের কাজ করছে ঠিক তখনই কলেজ পরিচালন সমিতি তাদের নেওয়া অতিথি শিক্ষকদের নিজেদের থেকে ভাতা দেওয়া বন্ধ করেছে। রাজ্য সরকারের কাছে এ বিষয়ে বেশ কিছু অতিথি শিক্ষক অভিযোগ করেছেন। কলেজ যখন নিজেরাই ভাতা দেওয়ার ভিত্তিতে তাঁদের নিয়েছে, সেই ভাতা দেওয়া যেন বন্ধ না করা হয়, যতক্ষণ না পর্যন্ত এ বিষয়ে সরকারি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ।