প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থা দেশজুড়ে চালাচ্ছে ‘সবকি রসোই’ কর্মসূচি। লকডাউনে সমস্যায় পড়া অসহায়, গরিব, প্রবীণ মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা গরম খাবার। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে রান্না হচ্ছে, তা পৌঁছে দিচ্ছে আইপ্যাক-এর সৈনিকরা। ১০ দিনে ১৫ লাখ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার প্রাথমিক লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।

ইতিমধ্যেই ১০ এপ্রিল অবধি ৬ দিনে কলকাতা-সহ ৩১টি শহরে ৮ লক্ষ ৪০ হাজার ১৪৩ জন মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে ‘সবকি রসোই’-এর রান্না করা খাবার। শুধু শুক্রবার ১০ এপ্রিল ১ লক্ষ ৮৪ হাজার ৮৪০ জনের কাছে পৌঁছে গিয়েছে রান্না করা গরম খাবার। প্রতিদিন ব্যাপ্তি বাড়ছে। কলকাতায় ৩০টি জায়গায় খাবার বিতরণ করা হচ্ছে। শুক্রবার ৮৪৫০ জন গরিব, অসহায় মানুষ এই কর্মসূচির সুফল পেয়েছেন। গরম খাবার পেয়ে খুব খুশি তাঁরা।

১৫ এপ্রিলের মধ্যে ১৫ লক্ষ মানুষ এই কর্মসূচির সুবিধা পাবেন। এই কর্মসূচি সফল করতে ৬৮টি কিচেন ও ১৪৯টি গ্রাসরুট ফিডিং পার্টনারকে ধন্যবাদ জানিয়েছে আইপ্যাক। প্রশান্ত কিশোরের এই উদ্যোগকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। অনেক মানুষ ও স্বেচ্ছাসেবকরা এই উদ্যোগে সামিল হয়ে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।



