দেশে করোনা পরিস্থিতি ও লকডাউনের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ২৭ এপ্রিল সকাল ১১টা নাগাদ বৈঠক শুরু হয়। নবান্ন থেকে বৈঠকে যোগ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই বৈঠকে যোগ দেননি, রয়েছেন সে রাজ্যের মুখ্য সচিব। বলা হয়েছে, কেরল সরকারের তরফে তাদের সুপারিশ লিখিতভাবে কেন্দ্রকে জানানো হয়েছে।
এদিকে, দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯৬ জন, মৃত্যু হয়েছে ৪৮ জনের। ফলে সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭৮৯২, করোনা পজিটিভ ২০৮৩৫ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭২। সুস্থ হয়েছেন ৬১৮৫ জন।