লকডাউনের নিয়ম অমান্য করে পুলিশের হাতে আটক হলেন মডেল ও অভিনেত্রী পুণম পাণ্ডে। আটক করা হয় পুণমের বয়ফ্রেন্ড স্যাম আহমেদ বম্বেকে। মুম্বাই পুলিশের তরফে জানানো হয়, রবিবার ১০ মে একটি লাক্সারি গাড়িতে করে মেরিন ড্রাইভ দিয়ে ঘুরছিলেন পুণম ও তাঁর বয়ফ্রেন্ড। মেরিন ড্রাইভ থানার পুলিশ তাঁদের গাড়ি আটকালে গাড়ি নিয়ে বেরনোর উপযুক্ত কারণ দেখাতে পারেননি তাঁরা। এরপর তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মহামারী আইনের ১৮৮ ও ২৬৯ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুণম ও স্যামকে পরে ছেড়ে দেওয়া হলেও গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। উল্লেখ্য, বলিউড ও দক্ষিণের কিছু ছবিতে অভিনয় করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে সাহসী ছবি ও ভিডিও পোস্ট করে জনপ্রিয় হন পুণম। ২০১১ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন ছবি পোস্ট করবেন জানিয়েও খবরের শিরোনামে আসেন এই মডেল কাম অভিনেত্রী।