মর্মান্তিক। গুজরাটের আমেদাবাদের হাসপাতালে আত্মঘাতী হলেন এক করোনা রোগী। ঘটনাটি ঘটেছে এশিয়ার বৃহত্তম টার্শিয়ারি কেয়ার হাসপাতাল, আমেদাবাদ সিভিল হাসপাতাল ক্যাম্পাসে। গত ৫ মে এই কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজাদ নগরের বাসিন্দা বছর ৫০-এর জেব্বুনিস্সা কুরেশিকে। হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মঘাতী হওয়ায় অন্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বড়ো প্রশ্ন উঠেছে এতো বড়ো হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সরকারও রোগীদের ভরসা দিতে ব্যর্থ। ঘটনার পর থেকেই মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আত্মঘাতী মহিলাকে মানসিক রোগী প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে, মহারাষ্ট্রের পর গুজরাটে সংক্রমণ সবচেয়ে বেশি। অবস্থা নিয়ন্ত্রণে ব্যর্থ বিজেপির মুখ্যমন্ত্রী বিজয় রূপানি কেন্দ্রের সাহায্য প্রার্থনা করতেই গুজরাটের আমেদাবাদে ছুটে গিয়েছেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধিদল। তাঁরা রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে গাইডলাইন বুঝিয়ে দেওয়া হয়। জনসচেতনতায় ব্যাপক খামতির কথা সেই আলোচনায় উঠে আসে। প্রবীণ ও কো মরবিড রোগীদের সংক্রমণের আশঙ্কা যে বেশি সেটাও জানিয়ে দেওয়া হয়। গত শনিবার অবধি আমেদাবাদ শহরে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৫৫৪০ ও ৩৬৩। সর্বশেষ তথ্য অনুযায়ী গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা ৮১৯৪। করোনা পজিটিভ ৫১৫৬ জনের। মারা গিয়েছেন ৪৯৩ জন। আমেদাবাদে উচ্চবিত্তদের আবাসনগুলি থেকেই বেশি সংক্রমণ ছড়িয়েছে। নিজেদের রাজ্যে এই দুরবস্থা, সামলাতে ল্যাজেগোবরে, আর সেই বিজেপির নেতারা বাংলা নিয়ে কথা বলতে আসেন!