কিছু তো শিখুন বাংলার বিজেপি নেতারা। জানুন, কেন্দ্রীয় সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী প্রকাশ জাভড়েকর কী বলছেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে প্রকাশ জাভড়েকর বলেন, বাংলার সঙ্গে কেন্দ্রের যুদ্ধ লাগাতে চাইছে কেউ কেউ। আমরা কোনও যুদ্ধ বা তর্ক-বিতর্ক চাই না। মানুষের সমস্যার সমাধান করাই এখন প্রধান কাজ। কেন্দ্রীয় সরকার বাংলাই শুধু নয়, সব রাজ্যকেই সহযোগিতা করতে প্রস্তুত। জাভড়েকরের দাবি, দেশ করোনার সবচেয়ে খারাপ অবস্থা কাটিয়ে উঠেছে। লকডাউনের সুফল মিলছে, করোনা সংক্রমণ ছড়ানো আটকানো গিয়েছে। লকডাউনের তৃতীয় পর্যায়ে দেশের অর্ধেক অংশই সচল হয়ে যাবে। সমাজ এই ৪০ দিনে অনেক কিছু শিখেছে। যতদিন না ভ্যাক্সিন বেরোচ্ছে ততদিন মাস্ক পরা, বারবার হাত ধোয়া, ২ গজ দূরত্ব মেনে চলা, এইসব আমাদের জীবনের অঙ্গ হতে চলেছে। জাভড়েকর বলেন, গত ছয় বছরে আমাদের দেশে মোবাইল তৈরির কারখানা ২ থেকে বেড়ে ১৫০ হয়েছে। ভারতে পিপিই, ভেন্টিলেটর তৈরি করা হচ্ছে। আরও কাজের সুযোগ তৈরি হচ্ছে। দেশে সব বড়ো কোম্পানিকে আমরা স্বাগত জানাই।
বিরোধীদের একহাত নিয়ে জাভড়েকরের কথা এ রাজ্যের সরকার ও তাঁর দলের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি বলেন, বিরোধী দলগুলি কোনও ভালো প্রস্তাব নিয়ে সহযোগিতা করতে এগিয়ে আসছে না। তাদের কাছে কোনও ইস্যু নেই। তবু আগের মতোই করোনা পরিস্থিতিতেও সরকারের বিরোধিতা করায় মনোনিবেশ করেছে!
বাংলার রাজ্যপাল থেকে বিজেপি ও বিরোধী নেতারা প্রকাশবাবুর কথাটা একটু খেয়াল রাখবেন!