পূর্ব মেদিনীপুর জেলায় কেউ করোনা আক্রান্ত নেই। এরই মধ্যে আশঙ্কার মেঘ এসেছিল। তবে বুধবার ২২ এপ্রিল এলো স্বস্তির খবর। প্রসূতির লালারসের নমুনার ফল নেগেটিভ আসায় স্বস্তি পেল কাঁথি। করোনা সংক্রমিত সন্দেহে কাঁথি শহরে থাকা একটি নার্সিংহোমে ভর্তি এক প্রসূতির লালারসের নমুনা পরীক্ষা জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।ওই নার্সিংহোমটি সাময়িকভাবে বন্ধ করে রাখা দেওয়া হয়েছে।

নার্সিংহোমে ভর্তি থাকা রোগীদের ছুটি করে দেওয়া হয়। পাশাপাশি ওই রোগী ও পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছিলো জেলা স্বাস্থ্য দফতর। ওই বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক ও নার্সদেরও হোম কোয়ারেন্টিনে রাখা হয়।জানা গিয়েছে, রবিবার ১৯ এপ্রিল সকালে কাঁথি শহরের বাসিন্দা এক গৃহবধূর প্রসব যন্ত্রণা ওঠায় তাঁকে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন তাঁর পরিবারের সদস্যরা। ওইদিন সন্ধ্যায় নার্সিংহোমে অস্ত্রোপচার হয়। একটি শিশুর জন্ম দেন ওই প্রসূতি। তারপরেই তাঁর শরীরে করোনার কিছু লক্ষণ (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন) সামনে আসে বলে সূত্রের খবর। এরপর তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসায় আশঙ্কা দূর হয়ে স্বস্তি এলো। ফলে এই জেলা করোনা-মুক্ত বলাই যায়।