অনুজকুমার ভৌমিক
আবারও এলো স্বস্তির খবর। রবিবার ১২ এপ্রিল আমরা জানিয়েছিলাম তাম্রলিপ্তের জেলা কীভাবে করোনা যুদ্ধে কামব্যাক করছে। নন্দীগ্রাম আন্দোলনের জেলা কীভাবে করোনা বাউন্সার সামলে ম্যাচ জেতানো ইনিংস খেলছে। সোমবার সেই গতি অব্যাহত তো আছেই, ভালো খবর এটাই ৫০ শতাংশের বেশি মানুষ এর মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বেলেঘাটা আইডি-র থেকে ছাড়া পেয়েছেন শেখ বিলাল। পূর্ব মেদিনীপুরে কোভিড ডেডিকেটেড বড়মা হাসপাতালে ভর্তি ছিলেন শেখ মজাদুল, তিনিও হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। কলকাতার কলম্বিয়া এশিয়াতে ভর্তি থাকা এই জেলার বাসিন্দা রঞ্জন প্রধানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনিও কাল মঙ্গলবার ছাড়া পাবেন। সব মিলিয়ে এই জেলার ২১ জন করোনা আক্রান্তের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। ইতিমধ্যেই এগরা ও হলদিয়ার সকলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরাও সুস্থ হওয়ার পথে।