গতানুগতিক অনুষ্ঠান-এর চেনা ছক’কে ভেঙে অভিনব উদ্যোগে সাহিত্যবাসরের মধ্য দিয়ে নিজের নবনির্মিত বাসভবনে গৃহপ্রবেশ করলেন পুরুলিয়ার মনিপুর স্বামী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ড. কার্তিক কুমার মণ্ডল। যাঁর আগমনে এই নবনির্মিত গৃহের প্রকৃত মুক্তি-প্রক্রিয়া, যাঁর আগমনে এই বাসভবনের প্রকৃত প্রাণসঞ্চার তিনি একালের বরেণ্য প্রাবন্ধিক সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর স্বপনকুমার মণ্ডল।
প্রসঙ্গত, ড. কার্তিক কুমার মণ্ডলের নব-নির্মিত নীড় ‘মুক্ত জীবনানন্দ’ ১১ নভেম্বর, ২০২১ তারিখে জীবনের শিক্ষক স্বপনকুমার মণ্ডলের হাতের স্পর্শেই উদ্বোধন হয়। অনুষ্ঠান শুরু হয় তাঁরই হাতে গৃহের ফলক উন্মোচনের মাধ্যমে। এরপর সাহিত্য বাসর অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জোলনের দ্বারা মঞ্চকে আলোকিত করেন তিনি। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পুরুলিয়া সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী এবং গবেষক রিবা দত্ত। স্বাগতভাষনে সকলকে আন্তরিক করে নেন ‘মুক্ত জীবনানন্দ’-এর অধিকর্তা ড. কার্তিক কুমার মণ্ডল।

তবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রাবন্ধিক স্বপনকুমার মণ্ডলের বিশেষ আলোচনা। এদিন তিনি ‘আমার যাপনবিশ্ব, আমার একান্ত আপন’ বিষয়ে আলোচনা করেন। তাতে উঠে আসে ‘বাড়ির অভাব নেই, গৃহের অভাব সর্বত্র। মানুষ যেখানে নিজেকে খুঁজে পায়, স্বপ্নে বিভোর হয় তাই গৃহ। বাড়ির বাইরে গিয়েও মানুষ সেই গৃহই খোঁজে। অর্থৎ House-এর বড় ছড়াছড়ি কিন্তু Home-এর বড় অভাব।’ তাঁর এই বিশেষ আলোচনায় নবগৃহের যেমন চক্ষুদান ঘটে, তেমনই অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিবৃন্দের মানসচক্ষুর উন্মোচন হয়। সাহিত্যের পরিসর যে কত বিস্তৃত, কত সুগম আর তার যোগসূত্র মানবাত্মার সাথে কত নিবিড় তা যেন বারে বারে আলোচনায় মগজাস্ত্র করিয়ে দেন তিনি। পুরুলিয়ার আমডিয়া মাহাত বাঁধের লোকনাথ পল্লির নবগৃহ ‘মুক্ত জীবনানন্দ’-এর যেন প্রকৃত মুক্তিলাভ ঘটে।

সাহিত্যবাসর অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়ার মনিপুর স্বামী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরকিশোর মাহাত। উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ড. দয়াময় রায়, নিউ আলিপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বৈদনাথ বাস্কে, ওন্দা মহাবিদ্যালয়ের অধ্যাপক কৌশিক মহাপাত্র। প্রধান অতিথি স্বপনকুমার মণ্ডলের হাতে উপহার তুলে দেন সৎসায়েরডী জুনিয়ার হাই স্কুলের শিক্ষিকা তথা ড. কার্তিক কুমার মণ্ডলের সহধর্মিনী লীলা মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় এর গবেষক শুক্লা গাঙ্গুলি, রাখী গরাঁই, বিকাশ কালিন্দী, সুপ্রিয় গঙ্গোপাধ্যায় ও লাল্টু মিত্র। সমগ্র অনুষ্ঠানটি মনোমুগ্ধকর সঞ্চালনা করেন বাঁকুড়া রামানন্দ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ দত্ত।