করোনা-সতর্কতায় এবার রাজ্যের ১২টি চিড়িয়াখানাই ৩১ মার্চ অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বন দফতর। সোমবার ১৬ মার্চ অরণ্য ভবনে করোনা মোকাবিলায় বৈঠকের পর বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় ১২টি চিড়িয়াখানা আপাতত বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত। বন্ধ থাকবে বেঙ্গল সাফারি-সহ সব ফরেস্ট ট্যুরিজম। সুন্দরবনে বেড়াতে যাওয়ার অনুমতি দেওয়াও বন্ধ থাকবে। বনকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ। এই প্রস্তাব মুখ্যমন্ত্রীকে জানানো হবে বলেও জানান রাজীব। এদিকে, বন দফতর সূত্রে খবর, বার্ড ফ্লু এড়াতে চিড়িয়াখানায় মাংসাশী প্রাণীদের মুরগির মাংস আপাতত এক মাস দেওয়া হবে না।