করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। কাজ হারানোর আশঙ্কায় প্রথম দিন থেকেই ভুগছেন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীরা। তাঁদের আশঙ্কা যে সত্যি হতে চলেছে, তারও আভাস দিচ্ছে বিভিন্ন সংগঠন। শুধু শ্রমিক কেন, স্থানীয় এলাকার ভ্যান, রিকশা, টোটো, অটো চালক, বাস চালক, কন্ডাকটর, মিষ্টির দোকানের কারিগর, লোক শিল্পী থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষরাই চরম কষ্টে, দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

এই চরম সংকট মুহূর্তে নিজের এলাকার গরীব, দুঃস্থদের পাশে প্রতিদিন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষাল। বড়জোড়া ব্লকের প্রতিটি গ্রামের প্রতি গরিব, প্রান্তিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন। যুব সংগঠনের কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে সামাজিক দূরত্ব মেনে এই কাজ করছেন।
এদিন নবজীবনপুর, ওন্দাতে লোক শিল্পীদের হাতে চাল, আলু, ডাল তুলে দেন। এর আগে ওলতোড়া, ফকিরডাঙার ৬০০ জন দিন আনা দিন খাওয়া মানুষের হাতে খাদ্যসামগ্রী দেন যুব সংগঠনের সদস্যরা। আগামী দিনেও দুঃস্থ, খেটে খাওয়া মানুষদের পাশে থাকবেন বলে জানান রাজীব।