একদিকে লকডাউনের কাঁটা অন্যদিকে কালবৈশাখীর ভ্রুকুটি- এই দুয়ের জেরে চরম ক্ষতির মুখে পড়েছেন বাঁকুড়া জেলার গরিব, কৃষিজীবী পরিবারগুলি। গত শনিবার ঝড়ের সাথে শিলাবৃষ্টির তান্ডব চলে জেলাজুড়ে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষীরা। চাষের ক্ষতির পাশাপাশি বহু কাঁচা বাড়িও ভেঙে গিয়েছে। আবার বহু বাড়ির টালি ও এসবেস্টেসের চালাও খুব ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে,বড়জোড়া,শালতোড়া, গঙ্গাজলঘাঁটি ব্লকে ঝড়-বৃষ্টি হয়েছে। তবে বড়জোড়া ব্লকের জোড়শাল গ্রামে শিলাবৃষ্টির দাপট ছিল খুব বেশি। স্বাভাবিকভাবেই এই অঞ্চলে ক্ষতিও সবথেকে বেশি হয়েছে।
ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর সেই গ্রামে ছুটে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি রাজীব ঘোষাল। দুর্গতদের পাশে দাঁড়ান। প্রথমেই গরিব পরিবারগুলোর হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ-সহ খাদ্য সামগ্রী তুলে দেন রাজীব। এর পর গ্রাম ঘুরে দেখেন তিনি। চাষের জমি পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ ঘর-বাড়িগুলোতে যান। কথা বলেন স্থানীয় গ্রামবাসীর সাথে।
রাজীব ঘোষাল বলেন, “এই ঝড় আর শিলাবৃষ্টিতে প্রচুর জমির ফসলও নষ্ট হয়েছে। অনেক বাড়ির চালা উড়ে গেছে। আবার অনেকের ঘর ভেঙেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলবো”। একই সঙ্গে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সবরকম সাহায্যের আশ্বাস দেন রাজীব ঘোষাল।
শুনুন রাজীব ঘোষাল কি বলছেন—