এক-দুজন নন! ৬৯ জন করোনা আক্রান্ত রোগী বসে রয়েছেন রাস্তায়। কেউ আবার হেঁটে বেড়াচ্ছেন! চিকিৎসা করাতে এসেছেন হাসপাতালে। কিন্তু ৩ ঘন্টা ধরে হাসপাতালের গেটই বন্ধ! শিউরে ওঠার মতো ঘটনা, তাই তো। হ্যাঁ, এমন ভয়ঙ্কর ঘটনাই ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে।
উত্তরপ্রদেশের ইটাওয়ার সাইফাই মেডিকেল ইউনিভার্সিটির সামনে এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

খবর পাওয়া গেছে, আগ্রা থেকে এই করোনা রোগীদের সাইফাইয়ের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বাসে করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোনো খবর না থাকায় রোগীদের চরম বিড়ম্বনায় পড়তে হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডা. রাজ কুমার। এ বিষয়ে তিনি বলেন, কার অবহেলায় এটা হয়েছে সেটা তিনি জানেন না। রোগীদের আগের দিন অর্থাৎ বুধবার পৌঁছানোর কথা ছিল।
এখানেই প্রশ্ন উঠছে, বুধবারের বদলে পরের দিন এলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কেন কোনো খবর আসেনি? আগ্রার প্রশাসন কি করছিল? করোনা সংক্রমণ যখন উত্তপ্রদেশে বেড়েই চলছে তখন যোগী সরকারের এই চরম গাফিলতি দেখেও কেন্দ্রের মোদী সরকার যোগীর পিঠ চাপড়াবে তো?