ফরসা সেই ম্যাডামের গায়ে বাবলার ডাল আটকে গিয়েছিল। আর এই শাড়ি বা কাপড়ে আটকে যাওয়া বাবলার ডাল ছাড়ানোর ব্যাপারটা তো আর এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে না! আটকে যাওয়া টের পেতেই তুমি ভাবলে, এ আর কী, একটু টানলেই…। তাঁর চারপাশে তখন বডিগার্ড, অফিসার, নেতা। এঁরা কেউই নিশ্চিত শুরুতে বুঝতে পারেনি ব্যাপারটা। আর যেমন হয়, কাউকে বুঝতে না দিয়ে ম্যাডাম নিজেই একবারের চেষ্টায় ছাড়াতে গেছেন ডালটাকে। আর তখনই তা চোখে পড়ে থাকবে সেই বডিগার্ড পুলিশ বা অফিসারদের, আর তাঁদের ডাকাডাকিতে মেয়ে পুলিশরা ছুটে আসবে। বাবলার কাঁটা একবার জড়িয়ে গেলে, তা ছাড়ানো যে দু’ দণ্ডের কাজ নয়, তা তোমার ম্যাডাম আর জানবে কোত্থেকে? বলা যেতে পারে, তোমার ম্যাডামকে পুবের বাদার সেই নদীবাঁধে যেতে দেওয়াটাই ভুল কাজ হয়েছিল। কিন্তু ম্যাডাম নিজে যেতে চাইলে বাধা দেবে কে? নদীবাঁধ সেখানে ভেঙে গিয়ে এতটাই সরু যে, একজনের পক্ষে হাঁটাই মুশকিলের। বডিগার্ড বলো আর পুলিশ বলো তোমার পাশে পাশে হেঁটে যে বাবলার ডাল বা অন্য যে কোনও গাছের ডালপালা পথ থেকে সরিয়ে দেবে তার উপায় কোথায়? হ্যাঁ, একটাই উপায় ছিল, ম্যাডাম যাওয়ার আগে আগে গিয়ে কাটারি দিয়ে ডালগুলিকে ছেঁটে দেওয়া। কিন্তু ম্যাডামের ইচ্ছে এমন লেট-এ জানা গেল, আর এতটাই শেষ মুহূর্তে যে করার ছিল না কিছুই।
মেয়ে পুলিশরা যখন সেই বাবলার কাঁটা জড়ানো শাড়ি নিয়ে নাজেহাল হচ্ছে, বাকি অফিসার বা ছেলে পুলিশ বা সিভিক ভলান্টিয়ারেরা তখন ডানদিক বাঁদিকের কিছু দূরত্বে সরে অন্যদিকে তাকিয়ে। এঁদের অনেকেই আগে জঙ্গল দেখেনি। ডিএম ম্যাডামের সঙ্গী হয়ে বারুইপুর বা শহর কলকাতা থেকে এসেছে। জঙ্গলের ঘেরের এই পুবের বাদার বাঁধ লাগোয়া জঙ্গল একেবারে অনেকটা জায়গা জুড়েই। এই বাঁধের উপর দাঁড়িয়েও জঙ্গলের শেষ মাথার নদীর জল চোখে পড়ার কথা নয় কারও। আর বাবলা ছাড়া বাদবাকি গাছগুলির নাম জঙ্গলের আশপাশের মানুষ না হলে জানবেটা কে? বড়জোর কাদা ফুঁড়ে মাটির বাইরে বেরিয়ে এসে খাড়া হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা মূল দেখে ছোটবেলা পাঠ্যবইয়ের কথা মনে পড়বে। কী যেন নাম, কী যেন বলা হয় একে?
দিনে-দুপুরে জঙ্গল নির্জন খুবই। মাঝে মধ্যে কট্কট্ শব্দ ডেকে উঠে কোনও পাখি চুপ করে যায় হঠাৎ। বলা যায় বাঁধের উপর থেকে গাছপালার মাথায়-মাথায় জঙ্গলটাকে দেখতে গিয়ে ম্যাডামের হয়ত ভাল লেগে গিয়েছিল খুব। মেয়ে পুলিশেরা তাঁর শাড়ির গা থেকে বাবলার ডাল ছাড়িয়ে দেওয়ার পরও ম্যাডাম না হলে কেন সেই বাঁধ ধরে আরও কয়েক পা এগিয়ে যাবে? ম্যাডাম নাকি জানতে চেয়েছিলেন, ‘এখানে থাকে কেউ?’ বা হয়ত এটা বাড়িয়েই বলা, উনি হয়ত জাস্ট অবাক হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। বা হতে পারে তাঁর দাঁড়িয়ে পড়ার ভঙ্গীতেই প্রশ্ন ছিল কোনও। অখিল দাসই নাকি তখন জানিয়েছিল, ‘এটা কায়েম মোল্লার ঘর ম্যাডাম, ও ওর বউ-বাচ্চা নিয়ে থাকে এখানে।’ তাহলে পরের কথাটাও অনুমান করে নিতে হয় অখিল দাসকে, অর্থাৎ ডাকো কায়েম মোল্লাকে। অখিল দাস তখন নাকি ঘাবড়াচ্ছে মনে মনে। ভাবছে পুবের বাদায় নতুন একটা জেটির প্ল্যানের বারোটা বাজল তাহলে। হ্যাঁ, বেআইনি তো বটেই। জঙ্গলের মধ্যে ঘর করে বাস করতে পারো না তো তুমি। গ্রামের এত জায়গা থাকতে জঙ্গল কেন? অখিল দাস তখন বাঁধের গা বেয়ে একেবারে জঙ্গলেই নেমে গেছে। লাল কাঁকড়াগুলি ওঁর পা হড়কানোর শব্দ পেয়ে একেবারে সুড়ুৎ সুড়ুৎ করে যার যার গর্তে অদৃশ্য হচ্ছে। ভাটা শুরু হয়ে গেছে, বাঁধের ফাঁক-ফোকড়ে ঢুকে যাওয়া জোয়ারের জল এখান-ওখান থেকে গড়িয়ে নামছে। সড়-সড় শব্দ হচ্ছে। অখিল দাসের পেছনে বাঁধের উপর ম্যাডামের পাশে তখন বিডিও সাহেব, থানার বড়বাবু। একটা মেয়ে পুলিশ ম্যাডামের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে। দূরে মেলার মাঠে বাউল গান বাজছে। আর বৈশাখের বাতাস গানটাকে এলোমেলো কাঁপিয়ে দূরের না-দেখা নদীটাকে পার করে একেবারে জঙ্গল ছাড়িয়ে নিয়ে যাচ্ছে কোথাও। পুজো হবে নদীর ওপারে সেই বনবিবির থানে। লোক আসবে দূরের শহর বারুইপুরই শুধু বলব কেন, আসবে কলকাতা থেকেও। এই একটা মাত্র দিন দূরের মানুষ জঙ্গলের ঘেরের নাম জানবে। একটি দিনেই সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কয়েক হাজার কেন, লাখ লোককে নদী পারাপার করাতে হবে। একটি জেটি তাই খুব দরকার এই পুবের বাদায়। অনেক চেষ্টা করে তাই ম্যাডামকে…।
‘কায়েম, কায়েম আছিস নাকি ঘরে?’
বাঁধ থেকে নেমে কায়েমের ঘরে উঁকি দেওয়াটা ঠিক হবে কিনা ভাবছিল অখিল দাস। গরান গাছটা না পেরিয়েই উনি ফের ডাকলেন, ‘কায়েম, এই কায়েম।’ ঘরের মাথায় রোদ-জলের আড়ালের জন্য প্লাস্টিক পেপার সেলাই করে জুড়ে দেওয়া। প্লাস্টিক পেপার মানে ব্যানার। কোনওটাতে কাস্তে হাতুড়ি, কোনওটাতে এসইউসির টর্চ আবার কোনওটাতে ঘাসফুল। গত পঞ্চায়েত ইলেকশানের। সাড়া না পেয়ে এবার একটু হতাশ হয়েই পেছন ফিরে বাঁধের দিকে তাকালেন ভদ্রলোক। থানার বড়বাবু উৎসাহ দেখিয়ে তখন প্যাণ্ট গুটোচ্ছেন। সিভিক পুলিশেরা মোবাইলে ছবি তুলছে তাঁদের বড়বাবুর। ম্যাডামের পাশে দাঁড়িয়ে থাকা বিডিও দেখলেন, সিপিএম-এর এই দাপুটে নেতা উবু হয়ে মাটিতে দেখছেন কিছু। ‘কী হল অখিলবাবু, পেলেন কিছু?’
‘পায়ের দাগ, স্যার।’
‘কার পায়ের দাগ?’
‘বাঘের স্যার।’
‘বলো কী?’
‘হ্যাঁ স্যার, তবে ওই ঘরের চারপাশে ঘুরেছেই শুধু, এরপর নদীর দিকে, দেখুন স্যার, দেখতে পাচ্ছেন?’
ম্যাডামের চোখে কাল চশমা। পাশে দাঁড়িয়ে থাকা মেয়ে পুলিশদের মধ্যে নড়াচড়া দেখে অখিল দাস বললেন, ‘ভয় নেই, এটা অন্তত দু’ দিন আগের।’ বড়বাবু প্যাণ্ট গোটানো বন্ধ করে হাঁ করে তাকিয়ে দেখছেন অখিলবাবুকে। ‘আপনারা তো ক্রিমিনাল মশাই, একটা লোকের ঘরের চারপাশে বাঘ ঘুরে বেড়াচ্ছে, আর তার একটু জায়গার ব্যবস্থা করতে পারলেন না? তা ছাড়া, এই যে জঙ্গলের মধ্যে ঘর তৈরি করে থাকা, এটা বেআইনি নয়?’ কথাটা বলেই বড়বাবু ফরেস্ট অফিসারের দিকে তাকালেন। ভদ্রলোক নতুন এসেছেন, জঙ্গলের মধ্যে যে একটি মেলা হতে পারে, আর সেই মেলায় হাজার হাজার লোক ভিড় করতে পারে জেনে নিজেই তাজ্জব একেবারে। ফিস্ফিস্ করে বললেন, আমাকে বলে কী লাভ, কাঠচুরি আটকাতে পেরেছেন? সিভিক ভল্যান্টিয়াররা খবর দেয় না কোনও?
ম্যাডাম এবার পাশে দাঁড়িয়ে থাকা বিডিওকে বললেন কিছু। আর তা শুনেই বিডিও ডাক করলেন অখিলবাবুকে।
‘ছেড়ে দিন মশাই, বাঘ ঘুরে বেড়াচ্ছে , আপনি শুধুশুধু আমাদের কথায়…, সে আর এক ঝামেলা। ঘরে নেই কেউ, মানে ওর বউ?’
‘ও স্যার এত লোকজন দেখে আর কথা শুনে ভয় পেয়ে গেছে।’
‘ঘরে উঁকি দিয়ে দেখুন না একটু…।’
‘এ স্যার নামেই ঘর, সাপের বাসাও বলতে পারেন, এই যে গরানের ডালটা দেখতে পাচ্ছেন, ঢুকে গেছে ঘাসফুল আর কাস্তে হাতুড়ির ফাঁক গলে, এটাতে বনকেউটে পেঁচিয়ে থাকে একটা, কায়েম মোল্লা ওর বউ-বাচ্চাকে নিয়ে কীভাবে এখানে থাকে তা শুধ ও-ই জানে।’
‘আপনি একজন দায়িত্বশীল নেতা হয়ে কিছু করতে পারলেন না ওর জন্য?’
‘দেব কি, ওর তো দেখা পাওয়াই ভার স্যার, আজ হয়ত মনসুরের নৌকায় খালপাটা জাল করতে গেল, ফিরবে ধরুন সাত-দশদিন পরে, এবার ফিরলেই যে ওকে পাবেন তার কি ঠিক আছে কোনও? গ্রামের এত বাইরে এই জঙ্গলে কে এখানে ওকে খুঁজতে আসবে বলুন স্যার।’
‘দুটো মাত্র ভোট তো, তাই মনে রাখতে পারেন না।’
‘তেমন নয় স্যার, ওদের তো ভোটার কার্ডই নেই।’
‘রেশন কার্ড?’
‘তাও নেই, ওদের তো কোনও ডকুমেণ্টই নেই।’
‘তার মানে দু’ টাকা কেজি চাল বা গম, কিংবা আয়লার চাল— কিছুই না?’
বারুইপুর থেকে সেবার এসডিও ম্যাডাম এসেছিলেন। সেটা অবশ্যই ভাগ্য জঙ্গলের ঘের গ্রামের। মাঝে মধ্যে পুলিশ ঢোকা ছাড়া সরকারি লোক আর আসে কোথায়! মোট ভোটার হাজার ছয়েক। হিন্দু-মুসলিম ওই সেভেন্টি-থার্টি। কিছু আদিবাসী আছে বাঁধের গায়ে— ওই পুবের বাদাতেই। ওরা কাঁকড়া ধরার লোক। ছোট ডিঙি নৌকায় বউ-ছেলে-মেয়ে নিয়ে বেরিয়ে পড়বে। চাষের মধ্যে আমন আর সবজি। সবজি চাষে এখন জোর দিয়েছে সবাই। ঢ্যাঁড়স, করলা, বিন, শশা। সব বাড়িই পাকা হয়ে যাচ্ছে চোখের সামনে। সব বাড়ি, সব রাস্তা। আগে এই পুবের বাদা থেকে বাজার যেতে গেলে হাঁটতে হত পাক্কা এক ঘণ্টা, এখন সেখানে মোটর ভ্যান। মাত্র পনেরো মিনিটেই সবজি বোঝাই করে চলে যাও। আর পাইকাররাও সব দাঁড়িয়ে থাকবে সেখানে। বড় রাস্তার ট্রাক সেই সবজি নিয়ে যাবে একেবারে জামতলা, বারুইপুর হয়ে শিয়ালদা।
***
দাবিটা ছিল সবার, কথাটা ছিল অখিলবাবুরই। সবকিছুই হল, শুধু বাদ থাকল একটা জেটি। পুবের বাদার জেটি। কাঁকড়ার নৌকা, মাছের নৌকা সবাইকে দাঁড়াতে হয় বাঁধের গা বরাবর। আর হ্যাপা পোহাতে হয় জোয়ার-ভাটার। এমনিতে এই খাঁড়ি নিরাপদ খুব। বড় মাতলা থেকে অনেকটা জঙ্গলের আড়াল নিয়ে তবে নদীবাঁধ। একবার কোনও মতে জঙ্গল ফুঁড়ে খাঁড়িতে ঢুকে পড়তে পারলেই কোস্টাল বল আর ফরেস্টের নৌকা বল থমকে যাবে বাইরেই। জঙ্গলের ঘেরের গ্রামের লোকজনকে ভয় পায় সবাই। এমনকী বাইরে যে যেখানে পার খুন-খারাপি করে একবার এখানে ঢুকে পড়তে পারলেই স্বস্তি। কে আর খুঁজে পাবে তোমাকে? বাইরে থেকে যত পার চোরাই মাল এনে ঢুকে পড় এখানে, তারপর হাতের মাল ছড়িয়ে দাও চারপাশে। দিল্লী থেকে সেবার মেদিনীপুরের সুবল পঁচিশটা চোরাই মোবাইল এনে, বাইশ হাজারের মোবাইল বিক্রি করল জাস্ট আট হাজারে। ওর কথায়, মোবাইলের গায়ে যতই যা নম্বর থাকুক, তোমার ওই কলকাতার লালবাজারের লোক যখনই দেখবে, গ্রাম জঙ্গলের ঘের, তক্ষুনি পার্টিকে হাল ছাড়তে বলবে। বলবে মোবাইল নিয়ে ওরা কেউ অন্তত বারুইপুর এলেও…। কিন্তু এই মোবাইল নিয়ে কেউ বারুইপুর দূরের কথা, জয়নগরই পার হয় না। জঙ্গলের ঘের সুতরাং সব আইনের বাইরে থাকে। আর এর মধ্যেই কী করে কী করে একদিন কায়েম মোল্লা হাজির হয়ে যায়। একেবারে বেঁটেখাটো, কালো আর গাট্টাগোট্টা চেহারার একটা মানুষ। সঙ্গে বউ একটা। অবশ্য মেয়েটা যে ওর বউ তার আলাদা তো প্রমান নেই কোনও।
গ্রামে ঢুকল রেজাউলের মোটর ভ্যানে। রেজাউলের কথায়, উঠেছিল মাঝের খেয়া থেকে আর পাঁচটা প্যাসেঞ্জারের মতই। এবার সবাই যখন নেমে যাচ্ছে শনিবারের বাজারে তখনও ওদের বসে থাকতে দেখে রেজা জানতে চেয়েছিল, যাবে কোথায়? বেঁটেখাটো লোকটা জানিয়েছিল, ‘জঙ্গলের মেলায়।’
‘জঙ্গলের মেলা তো এখন কী? এটা তো সবে ফাল্গুন।’
রেজা দেখে ব্যাটা সব জানে, বলে কি না, ‘সে তো জানি আমি, বলতে চেয়েছি, ওখানে আমার চেনা মানুষ আছে, যাব তার বাড়ি।’
অর্থাৎ রেজাকে একেবারে নিজের বাড়িতেই এনে হাজির করতে হল। গাড়ি থামিয়ে বলল, ‘এই তোমার জঙ্গলের মেলা, এবার কার বাড়ি যাবে বল।’ রেজার প্রশ্ন শুনে লোকটা নিজের বউয়ের কানের কাছে মুখ নিয়ে বলল কী যেন। এর মধ্যেই ভিড় জমে গেছে বেশ। অখিল দাস এল। এল বাসু বৈরাগী। রহিমকে ডাক করানো হল বাড়ি থেকে। অখিল দাসের ডাক শুনে রহিম অবাক খুব। অনেক দিন হল জাহাজ থেকে তেল নামাতে যায়নি সে, তাহলে হঠাৎ কেন? রহিমকে ডাকার কারণ বোঝা গেল পরে। এরা ঘোড়ামারার। গাঙের দাপটে ঘর পানির তলায়। রহিমের শ্বশুরবাড়িও তো সেখানে। রহিমকে দেখিয়ে জানতে চাওয়া হল, চেনে কিনা। ডাক করানো হল ওর বউকেও। না, ওরা কেউই চেনে না কাউকে। তাহলে? এবার রেজার মা-ই বলল, ‘রাতটা কাটাক এখানে কাল দেখা যাবে। বউটার বাচ্চা আছে পেটে।’
সে সব বছর তিন-চার আগেকার কথা। কায়েম মোল্লার সম্বন্ধে আর বিশেষ কিছুই আর কারও মনে নেই। আসলে গ্রামের এতটাই বাইরে যদি তুমি থাকো, আর গ্রামের কোনও ব্যাপারে তোমাকে যদি না পায়, তাহলে কেউ আর কীভাবেই বা মনে রাখবে তোমাকে? বড়জোর যার যার মাছের নৌকা আছে তারাই। তাদেরই শুধু মনে রাখতে হয় কায়েম মোল্লাকে। চরপাটা বা খালপাটা যে জালই হোক কায়েম মোল্লাকে ডাকতে হবেই। বলা যায় কায়েম মোল্লার চাহিদা আছে। খাটতে পারে লোকটা। সাহস খুব। পীরখালির জঙ্গল বা লক্ষীর খাল যেখানেই হোক সেই গভীর রাতে হাতে একটা মশাল দিয়ে ছেড়ে দাও, ও ঠিক রাক্ষুসে হাঁ করা জঙ্গলের দিকে খালের শেষ মাথা বরাবর মাছ কুড়োতে ছুটবে। সাপ বলো সাপ বা বাঘ বা কুমির কিছুতেই ওর গ্রাহ্য নেই কোনও। গেল পঞ্চায়েতে ওর নাম তোলার কথা উঠেছিল একবার। সিপিএম, এসইউসি বা তৃণমূল কারও এক্ষেত্রে বাধা ছিল না কোনও। বেচারা আছে যখন এখানে একটা অন্তত কাগজও থাকুক। তা ছাড়া ঘর অ্যালট হলে তার জন্যও তো কাগজ লাগবে একটা।
‘আগে ভোটে নাম উঠেছিল তোর? ভোট দিয়েছিলি কোনও দিন?’
ভোট দিয়েছে বোঝা গেল। কেননা, অখিল দাস একেবারে লাইনে দাঁড়ানো থেকে স্লিপ নেওয়া বা বোতাম টেপার সবকটা পর্যায় ধরে ধরে জিজ্ঞেস করে উত্তর নিয়েছে।
‘ছবিওলা কার্ড ছিল তোর?’ অখিল দাস একেবারে নিজের ভোটার কার্ড দেখিয়েই জিজ্ঞেস করেছে ওকে। না, ঠিক উত্তর দিতে পারছে না কিছুতেই।
‘বয়স কত তোর, বলতে পারবি? আগে যেখানে ছিলি সেখান থেকে কাগজ আনতে পারবি কোনও?’
ওর কথায়, এক রাতে একেবারে হঠাৎ করেই ওদের ঘর…।
‘ব্যাটা, হাবা নাকি, পুরো কথা বলতে পারিস না?’ পাশ থেকে কেউ একজন ওর বউয়ের কথা তুলে জানতে চেয়েছিল, বউয়ের পেটে তো বাচ্চা নিয়ে এসেছিলি, এ বউ কোথায় পেলি তুই?
বেশ ভাল প্রশ্ন তো! অখিল দাস অবাক হলেন খুব। ঠিকই তো।
‘তুই বললি, হঠাৎ করেই ওই ঘর…, সেটা তবে হল কবে? এখানে যখন এলি, তখন তোর বউয়ের পাঁচ-ছ’ মাসের পেট, তার মানে অন্তত মাস আটেক আগে বিয়ে হয়েছে তোদের। এবার বল, কবে বিয়ে হল, বা কে বিয়ে দিল মানে বিয়ের ব্যবস্থাটা করল কে?’
কেউই নাকি ব্যবস্থা করে দেয়নি। মানে বিয়েই হয়নি ওদের। কত কথা যে গোপন থাকে মানুষের! কোনও মতে প্রাণ বাঁচিয়ে দিন সাতেক নাকি ওখানেই মানে ঘোড়ামারার সেই নিজের গ্রামেই কাটিয়েছে কায়েম। এরপর কেউ জঙ্গলের কথা বলায়…। ‘তোর বউ?’ ওর সঙ্গে দেখা ৮ নম্বর লাটের ঘাটে।
লোকটাকে তার মানে যতটা সহজ ভাবা গিয়েছিল ততটা সহজ নয়। তাছাড়া ও আদৌ ঘোড়ামারার লোক কিনা তারই বা ঠিক কী? পুরোটাই তো বানানো গল্প হতে পারে। যা গাট্টাগোট্টা চেহারা আর যা সাহস তাতে তো ওকে খুব সহজ লোক আর মনে হচ্ছে না এখন। শালা কোথাও ডাকাতি-ফাকাতি করে বা পয়সা নিয়ে মার্ডার করে এখানে লুকোতে এসেছে কিনা কে জানে? কায়েম মোল্লাকে ঘাটানো হল না আর। ঠিক হল, ঘোড়ামারাতে রহিমের শ্বশুড়বাড়ি যখন, তখন ওকেই একবার খোঁজ নিতে পাঠানো হবে। একটা লোকের যতই ঘরবাড়ি তলিয়ে যাক, দেশবাড়ির কোনও কাগজ থাকবে না তার কাছে এটা হয়? পঞ্চায়েতের কাছে চাইলে দিত না কোনও কাগজ? রহিম বলল, ওর শ্বশুরেরাও নাকি ওখানে থাকে না আর। ‘তাহলে থাকে কোথায়?’ সে নাকি ওরও জানা নেই ঠিকমতো। ‘তার মানে তুই শ্বশুরবাড়ি যাস না? তোর বউ?’ ‘যাবে কী ভাবে? শেষবার শ্বশুরবাড়ি গিয়ে পাশের বাড়ির লতিফাকে তুলে আনল না, ওই যে ওর দুই নম্বর বউ, আর যায় ওখানে?’ তাছাড়া এখান থেকে ঘোড়ামারা যাওয়ার ঝঞ্ঝাট কি কম? এখান থেকে মোটর ভ্যানে যাও মাঝের খেয়া, এরপর ভ্যানে রায়দিঘী। ওখান থেকে বাসে হোক কি অটোতে মথুরাপুর স্টেশন, ওখান থেকে নামখানা লোকালে কাকদ্বীপ, ওখান থেকে টোটোতে ৮ নম্বর লাট, এরপর ভটভটি। পুরো এক বেলার ব্যাপার, আর টাকা? খাওয়া নিয়ে এক একজনের অন্তত দু’শ। দু’জনের চারশ’। কায়েম মোল্লার কথা সুতরাং ভুলেই যেতে হয় সবাইকে। এমনকী ওর ব্যাপারে খোঁজখবর নিয়ে আসার জন্য রহিমকে পাঠানোর কথাও আর কারও মনে থাকে না। কিন্তু ওই যে, কিছু মানুষের হঠাৎ হঠাৎ করে একেবারে ভুস্ করে জেগে ওঠার অভ্যাস থাকে এমন…। হয়ত নিজের ইচ্ছায় নয়, তবু…। এই যেমন কায়েম মোল্লা। ব্যাটা কীভাবে কীভাবে জেগে উঠল ফের। হঠাৎ করেই একদিন বিডিও সাহেব দেখা করতে বললেন অখিল দাসকে। বললেন, খুব আর্জেন্ট। কী ব্যাপার? না ফোন এসেছিল এসডিও ম্যাডামের কাছ থেকে। একেবারে নিজের গলার। অ্যালটমেন্ট এসে গেছে ঘরের। বিডিও বললেন, আপনাদের লিস্টে তো দেখছি নাম নেই কায়েম মোল্লার, এসিউসি বা তৃণমূলের-র লিস্টেও নেই, অথচ ম্যাডাম বলেছেন কায়েমের ঘরের ব্যাপারটা সবচেয়ে গুরুত্ব দিয়ে বিচার করতে। হিসেব মতো আপনার গ্রাম পঞ্চায়েতের শ’ চারেকের মতো ঘর পাওয়ার কথা, এবার এর মধ্য থেকে যে ভাবেই হোক কায়েম মোল্লার জন্য…।
‘কিন্তু স্যার ওর তো ভিটেমাটিই নেই কোনও গ্রামে, তাছাড়া কাগজ? কোনও ডকুমেন্টই নেই। ভোটার কার্ড-আধার কার্ড কিচ্ছু নেই।’
‘সে তো আমি জানি না, আপনি বুদ্ধিমান মানুষ, ম্যাডামের একটা কথা রাখার মূল্য তো আপনি বোঝেন, বোঝেন না?’
অখিল দাস আজ চল্লিশ বছর ধরে রাজনীতি করছেন। সিপিএমের এই খারাপ বাজারেও তিনি জিতেছেন। বাজার খারাপ, তাই এখন আর অযথা ঝামেলায় জড়ান না কোনও। তৃণমূলের দিন এখন। যে কোনও ভাবেই তাঁকে এখন শুধু টিকে থাকতে হবে। এতদিন টিকিয়ে রাখা দশজনের দেড়শ’ বিঘা ভেড়ির জমি এবার আর হাত রাখা যাবে না। ঝামেলাতে জড়াতে চাইবেন না অখিল দাস।। সবাইকে যার যার টাকা হিসেব করে নিয়ে যেতে বলছেন। আর জমিও। গ্রামের মানুষ এককালে তাকে ভয় পেলেও এখন তাঁকে ভালবাসে। তৃণমূল বা এসইউসির লোকেরাও ঘাটায় না তাঁকে। শুধু এসডিও কেন, বিডিও সাহেবকেও হাতে রাখলে কী কী সুবিধা হয়, তা তিনি ভালই জানেন।
‘কী বলেন, উপায় করতে পারবেন না কোনও?’
‘উপায় আছে ঠিকই, তবে প্রধানের সঙ্গে বসে ঠিক করে নিতে হবে। বোঝেন তো, এ তো আমাদের পঞ্চায়েত নয়, আমাদের দিন হলে আমি এক্ষুনি কথা দিয়ে যেতাম, কিছু কাজ যে আইন মেনে সম্ভব নয় তা আমার মতো জানেন আপনিও, হ্যাঁ, আমি ভাল কাজের কথাই বলছি…।
এসইউসির প্রধানকে নিয়ে একেবারে বিডিওর ঘরেই বসা হল। প্রধান সজ্জন মানুষ। অখিলবাবুর দীর্ঘদিনের চেনা। কিশোরিমোহনপুরের মানুষ। প্রাইমারি স্কুলে মাস্টারি করে এখন রিটায়ার করেছেন। উনি রাজি হলেন এক কথাতেই। কায়েম মোল্লার কথা শুনেছেন উনিও। এমন লোক ঘর পাবে না, তা হয়? সমস্যা সেই কাগজের। উপায় তো একটাই…।’
উপায় যে একটাই এবং একটাই শুধুমাত্র তা অখিলবাবুও জানেন। অর্থাৎ অন্যের একেবারে আইনি জমির নামে ঘর অ্যালট করতে হবে। সেখানে ঘর ওঠার পর সেই ঘর হস্তান্তর করতে হবে কায়েমকে। ঠিক হল ঘর অ্যালট হবে অখিল দাসের নামেই। গীতাঞ্জলীর এক লাখ চল্লিশ হাজারের এক লাখ দিয়ে ঘর হবে, আর বাকি চল্লিশ হাজার জমির দাম হিসাবে দিয়ে দিতে হবে অখিলবাবুকে। কিন্তু এটা জানাতে হবে না কায়েমকে? জানানোই তো উচিত। যদিও কাগজেপত্রে থাকবে না কিছুই, তবু…।
‘কায়েম, এই কায়েম?’
না, আজ আর নীচে নামবেন না অখিল দাস। রবিউলকে নিয়ে এসেছেন সঙ্গে। ওর নৌকাতেও মাঝেমধ্যেই জাল করতে যাবে কায়েম। সেই ম্যাডামের আসার দিন থেকেই কায়েমের ঘরটাকে দেখলে কেমন গা শিরশির করে অখিলবাবুর। চারপাশে ঘুরঘুর করছে বাঘ, বনকেউটে খোলস পাল্টাচ্ছে ঘরে, ভাটার সময় রোদ পোহাচ্ছে কুমির। কীভাবে থাকে লোকটা? দিনের বেলাতেই যেখানে একা কেউ আসবে না, সেখানে রাতবিরেতে জাল সেরে মাছ বাছাবাছির পর কীভাবে একটা লোক একা…, একটা টর্চ অব্দি থাকবে না হাতে। বা ওর বউ-বাচ্চার কথা ভাবো, কীভাবে সারাটা দিন একা একা এমনকী কায়েম ঘরে না ফিরলে রাতের পর রাত…।
রবিউল বলল, নেমে দেখি আমি। নামল রবিউল। ঘরের মাথায় এসইউসি-সিপিএম-তৃণমূল। হাওয়ায় শব্দ উঠেছে বেশ। ফর্ফর্- ফর্ফর্। সেলাইগুলি আলগা হয়ে গেছে নির্ঘাৎ। গরানের গোড়ায় গিয়ে হাঁক মারল রবিউল, ‘কায়েম, এই কায়েম।’
‘বউ নেই ওর, বা বাচ্চা?’
‘আছে হয়ত, ভয়ের ঠ্যালায় কোন কোনে গুঁজে আছে কে জানে? ঘর তো হবে আপনার জমিতে, অ্যালটও হবে আপনার নামে, তবে ওর আর কী দরকার? ঘর হওয়ার পর দেখা যাবে, চলুন তো এখন। এখানে এই জঙ্গলে একা একটা মেয়েছেলে…।’
সবজির চাষ চলছে এখন। মাঘের ঠান্ডা। বেলায় বেলায় ঘুমিয়ে ভোররাতের আগেই জমিতে নামতে হবে। সবজি তোলা, বস্তাবন্দী করা, এরপর ভ্যানে উঠিয়ে সেই শনিবারের বাজার। রবিউল বলল, ‘যার ঘর তার উদ্দেশ নেই, মাথাব্যথা আমাদের।’
‘না রে, এর সঙ্গে জেটির ভাগ্যও জড়িয়ে, ম্যাডাম নিজে খোঁজ নিচ্ছে, বুঝিস কিছু? সবার না হলেও আগে কায়েমের ব্যবস্থা করতে হবে একটা।’
***
এবার একাই এসেছেন অখিল দাস। ফার্স্ট লটের সত্তর হাজার ঢুকে গেছে ব্যাঙ্কে। বিডিও বা এসডিওর এত আগ্রহ যখন বাকি টাকা ঢুকতেও ঝামেলা হবে না তেমন। এই সত্তর হাজারের চল্লিশ হাজার শুধু তাঁরই, বাকি তিরিশ কায়েমের পাওয়ার কথা। এই তিরিশে তো আর মেঝেতে ইট ফেলা সম্ভব না, এটা জানে সবাই, অর্থাৎ যে কোনও তৈরি হতে থাকা বাড়ির ছবি তুলে জমা দিলেই হল।
‘কায়েম, এই কায়েম?’
ঘরের মাথা থেকে সেই ব্যানারগুলি উড়ে কোথায় কোথায় ছড়িয়ে। অখিল দাস দেখেন তার হয়ে ভোট চাওয়া কাস্তে-হাতুড়ির ব্যানারটা কীভাবে কীভাবে একটা গেঁওয়া গাছের ডালে আটকে। ঘরের মাথায় এমনকী সেই এসইউসি-র টর্চ বা তৃণমূলের ঘাসফুল মার্কা ব্যানারগুলির একটাও নেই আর।
‘কায়েম, এই কায়েম?’
ঘরের অবস্থা দেখে এখানে আর কেউ থাকে বলে তো মনে হচ্ছে না। কারও থাকার জন্য ছাদ তো থাকতে হবে একটা, মানে রোদ-বৃষ্টির হাত থকে…, মাথার উপর যে কিছুরই হোক…। বা দেওয়াল? একটা ঘেরাটোপ বলে কিছু? সাহস করে একা একাই নীচে নামলেন অখিল দাস। জোয়ার শেষ হলেও জল এখনও নামেনি পুরোপুরি। হড়কাতে গিয়ে একটা বাইনের ডাল ধরে কোনও মতে সামলালেন নিজেকে।
‘কায়েম, এই কায়েম?’
কায়েমের বউটার নাম জানলেও হত। ঘরের মাথার ব্যানারগুলি উড়ে গেলেও, চারপাশের প্লাস্টিক পেপারগুলি কীভাবে রয়ে গেছে এখনও। ‘এই কায়েম?’
গরানের নেমে থাকা একটা ডাল আঁকড়ে ঘরের একেবারে কাছে গিয়ে ডেকে উঠলেন, ‘কায়েম, এই কায়েম?’
ওর বউ কি তবে বাচ্চাটাকে নিয়ে ভয় পেয়ে কোনও প্লাস্টিক পেপারের গায়ে লেপ্টে লুকিয়ে রেখেছে নিজেকে? পর্দার মতো করে ঝুলিয়ে রাখা একটা প্লাস্টিক পেপারকে তুলে ধরতে গিয়ে অখিলবাবু বুঝলেন ওটা আলগাই একেবারে। পুরো প্লাস্টিকটাই ঝুরঝুর করে মাটিতে খসে পড়ল। আর খসে পড়তেই ঘরের ভেতরটা চোখে পড়ল তাঁর। গরানের একটা চৌকি। তার ওপর ছেঁড়া আর জল পড়ে পচে কাঠের সঙ্গে লেপ্টে যাওয়া একটা চাদরের মতো কিছু। একটা জলের বোতল। প্লাস্টিকের বাটি একটা।
‘কায়েম? এই কায়েম?’
***
বিডিও সাহেব শুনে বললেন, ‘তবে আর আপনি কী করবেন, চেপে যান। এটা তো ইললিগালই ছিল, তাই না? ছবি জমা করে দিয়েছেন তো? সেকেন্ড লট সামনের সপ্তাহেই…। সরকারের টাকা তো আর ওইভাবে ফেরৎ দেওয়া যায় না, দরকারে দিয়ে দেবেন গরীব লোককে, কী বলেন?’
প্রধান এসইউসি-র হলে কী হবে সম্মান দেন অখিলবাবুকে। কথা শোনেন। পঞ্চায়েত অফিসে দেখা হওয়ায় জানতে চাইলেন, ‘কী খবর কায়েম মোল্লার?’ জিজ্ঞেস করে উনি অবশ্য আর উত্তর শোনার মতো সময় দিতে পারলেন না। চারপাশে বিস্তর লোক। অখিল দাসেরই বা অত বলার মতো সময় কোথায়, দুটো রাস্তা ঢালাই হবে, আমগাছের টাকা আসছে আর সবচেয়ে বড় কথা, পুবের বাদার জেটিঘাটের ওয়ার্ক অর্ডারটাও…।
‘ভাল, ভালই আছে কায়েম মোল্লা।’
এক টানে পড়া গ্যালো ‘কায়েম মোল্লার ঘর’, কীই বা বলার থাকে আর!
এভাবেই কায়েম মোল্লারা বাদা অঞ্চলে বাস করে। জীবনের লড়াই চলে প্রতিদিন প্রতিপল। রাজনীতির বোড়ে হয়ে যায় হারিয়েও যায় কেউ কেউ।