সন্তু মুখোপাধ্যায় প্রয়াত। বুধবার ১১ মার্চ গল্ফগ্রিনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। লড়াই চলছিল ক্যান্সারের সঙ্গে, যা থেমে গেল এদিন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। গত মাসেই তাঁকে শ্বাসকষ্টের কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতেই ছিলেন। তাঁর দুই কন্যা স্বস্তিকা মুখোপাধ্যায় ও অজোপা মুখোপাধ্যায় দেখাশোনা করতেন। ১৯৭৫ সালে তরুণ মজুমদারের ‘সংসার সীমান্তে’ ও তপন সিংহের ‘রাজা’ ছবির মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা শুরু করেন। শেষ ছবি ‘সাঁঝবাতি’। পাঁচ দশক ধরে বহু ছবিতে তিনি কাজ করেছেন। নাট্যমঞ্চ থেকে শুরু করে তাঁর অভিনয় মুগ্ধ করেছে ছোটো পর্দার দর্শকদের। ইষ্টিকুটুম, কুসুমদোলা, জলনূপুর, অন্দরমহলের মতো সিরিয়ালে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তাঁর প্রয়াণে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। দুঃসংবাদ পেয়েই ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, সন্তুবাবুর কন্যা স্বস্তিকার সঙ্গে কথা হয়েছে। রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।




