করোনা ও আমফানে সঙ্কটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে কাজ করে চলেছেন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা তথা বিশিষ্ট অভিনেত্রী ও সমাজসেবী শ্রেয়া পাণ্ডে। ২৪ মার্চ থেকে জুনের ৮ তারিখ পর্যন্ত কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা জেলার গরিব, অসহায় পরিবারগুলির জন্য তিনি ৫০ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী পাঠিয়েছেন তাঁর প্রতিনিধিদের হাত দিয়ে।

প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, তেল, ডিম, বিস্কুট, দুধ-সহ যাবতীয় রেশন। যাঁদের মাথার উপর ছাদ নেই, রাস্তায় দিন কাটান তাঁদের পাশেও দাঁড়িয়েছেন শ্রেয়া। রাস্তার ধারে ঘুমিয়ে থাকা ভবঘুরেদের পাশে রেখে এসেছেন খাদ্যসামগ্রীর প্যাকেট।

আমফানে বিধ্বস্ত সুন্দরবনের মানুষজনের জন্যও ত্রাণ পাঠিয়েছেন। করোনার জেরে লকডাউনে গরিব, অসহায় মানুষজনের অন্নসংস্থানের ব্যবস্থা করা থেকে তাঁদের সচেতন করা বাবা সাধন পাণ্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন কন্যা শ্রেয়া।

চার হাজারের বেশি মাস্ক বিলি করেছেন। সাধ্যমতো অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে শ্রেয়া বলেন, সঙ্কটময় পরিস্থিতিতে মানুষের অনুদানের প্রতিটি কণা গুরুত্বপূর্ণ। যতদিন এই পরিস্থিতি চলবে সাধ্যমতো সঙ্কটাপন্ন মানুষের পাশে থাকব।